Header AD

হাইকোর্ট চত্বরে মমতাকে কটাক্ষ, চোর স্লোগান! নেত্রীর দাবি ‘ওরা আমাকে মেরেছে’, উত্তপ্ত পরিস্থিতি

mamata law

ভোটের ফলাফল স্পষ্ট হওয়ার পরই প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) জানিয়েছিলেন, তিনি ফিরবেন তাঁর পুরনো পেশায়। অর্থাৎ, আবারও আদালতে আইনজীবীর ভূমিকায় দেখা যাবে তাঁকে সেকথা নিজেই জানিয়েছিলেন। বৃহস্পতিবার সকালে আচমকাই শামলা পরে কলকাতা হাইকোর্ট-এ (Kolkata High Court)হাজির হন মমতা বন্দ্যোপাধ্যায়। ভোট-পরবর্তী হিংসা সংক্রান্ত মামলায় সওয়ালও করেন তিনি। তবে আদালত চত্বর থেকে বেরনোর সময়ই অপ্রীতিকর পরিস্থিতির মুখে পড়তে হয় তৃণমূল নেত্রীকে। তাঁকে দেখেই আইনজীবীদের একাংশ ‘চোর, চোর’ স্লোগান দিতে শুরু করেন বলে অভিযোগ। পাশাপাশি উড়ে আসে একাধিক কটাক্ষও। মুহূর্তে উত্তপ্ত হয়ে ওঠে আদালত চত্বর। এই সময়ই আদালতে দাঁড়িয়ে পালটা মমতা বললেন, “ওরা আমাকে মেরেছে।” সেই সময় পরিস্থিতি সামাল দিতে এগিয়ে আসেন নিরাপত্তারক্ষীরা।

বৃহস্পতিবার সকলে কোর্ট চত্বরের ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলেও শুরু হয়েছে জোর চর্চা। একসময় রাজ্যের ক্ষমতার শীর্ষে থাকা মমতা বন্দ্যোপাধ্যায়ের আদালতে প্রত্যাবর্তন যেমন নজর কেড়েছে, তেমনই হাই কোর্ট চত্বরে তাঁকে ঘিরে বিক্ষোভ নতুন রাজনৈতিক বিতর্কও উসকে দিয়েছে।

নির্বাচনের ফল ঘোষণার পর থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে অশান্তির অভিযোগ ঘিরে সরগরম বঙ্গ রাজনীতি। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস-এর দাবি, জেলায় জেলায় তাঁদের পার্টি অফিস ভাঙচুর করা হচ্ছে, কর্মী-সমর্থকদের উপর হামলাও চালানো হচ্ছে। যদিও ভারতীয় জনতা পার্টি নেতাদের বক্তব্য, রাজ্যে আইনশৃঙ্খলা বজায় রাখতে পুলিশ প্রয়োজনীয় পদক্ষেপ করছে। এই ঘটনার সঙ্গে বিজেপির কোনও যোগ নেই বলেও দাবি তাঁদের।

রাজনৈতিক মহলের একাংশের মতে, বহু জায়গায় রাতারাতি দলবদল করেছেন তৃণমূলেরই কিছু কর্মী-সমর্থক। অভিযোগ, বিজেপির পতাকা হাতে নিয়েই তাঁরাই পুরনো সহকর্মীদের উপর অত্যাচার চালাচ্ছেন।এই পরিস্থিতিতেই ভোট-পরবর্তী হিংসার অভিযোগ তুলে কলকাতা হাইকোর্ট-এ দায়ের হয়েছে একাধিক জনস্বার্থ মামলা।

বৃহস্পতিবার সেই মামলার শুনানিকে ঘিরে ছিল বাড়তি নজরদারি। আর সেই শুনানিতেই অংশ নিতে আদালতে হাজির হন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সওয়ালের প্রথম দিনেই তিনি প্রধান বিচারপতির কাছে অনুমতি চেয়ে বলেন, “আমি ১৯৮৫ সাল থেকে আইনজীবী। এবং সেই হিসাবেই আমি সওয়াল করতে চাই।”

শুনানির সময় একের পর এক অভিযোগ আদালতের সামনে তুলে ধরেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সওয়াল-জবাব পর্ব মিটতেই আইনজীবীর পোশাক পরেই কোর্টরুম থেকে বেরিয়ে আসেন তিনি। কিন্তু কলকাতা হাইকোর্ট-এর লবিতে পৌঁছতেই পরিস্থিতি আচমকা উত্তপ্ত হয়ে ওঠে। উপস্থিত আইনজীবীদের একাংশ ‘চোর’ স্লোগান দিতে শুরু করেন বলে অভিযোগ। এই ঘটনার মাঝেই পালটা বিস্ফোরক দাবি করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ, তাঁকে মারধর করা হয়েছে। যদিও ঠিক কারা হামলা চালিয়েছে, সে বিষয়ে স্পষ্ট করে কিছু বলেননি তিনি। মুহূর্তে হইচই ছড়িয়ে পড়ে হাই কোর্ট চত্বরে। নিরাপত্তারক্ষীরা দ্রুত তাঁকে ঘিরে বাইরে বের করে নিয়ে যান।

উল্লেখ্য, এর আগেও ভোটগণনার দিন তাঁর উপর হামলার অভিযোগ তুলেছিলেন তৃণমূল নেত্রী। সেই সময়ও তাঁকে মারধর করা হয়েছে বলে দাবি করেছিলেন তিনি। বৃহস্পতিবারের ঘটনাকে ঘিরে নতুন করে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে রাজ্য রাজনীতিতে।