Header AD
Trending

RGKar কাণ্ডে কড়া পদক্ষেপ শুভেন্দুর, সাসপেন্ড তিন আইপিএস অফিসার

RGkar Case

আর জি কর হাসপাতালের চিকিৎসক ধর্ষণ ও খুন মামলায় (abhaya rape & murder case) বড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। শুক্রবার নবান্নে সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ( Suvendu Adhikari) ঘোষণা করেন, তদন্তের স্বার্থে তিন আইপিএস অফিসারকে সাসপেন্ড করা হয়েছে। সাসপেন্ড হওয়া অফিসাররা হলেন প্রাক্তন কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল (Vineet Goyal), তৎকালীন ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায় ( Indira Mukhopadhyay) এবং সেই সময়কার ডিসি নর্থ অভিষেক গুপ্ত ( Abhishek Gupta)।

মুখ্যমন্ত্রীর দাবি, আর জি কর কাণ্ডে সত্য সামনে আনতেই এই পদক্ষেপ করা হয়েছে। ঘটনার সময় পুলিশের আচরণ নিয়ে যে অভিযোগ উঠেছিল, তা খতিয়ে দেখতে বিভাগীয় তদন্ত শুরু হবে। বিশেষ করে নির্যাতিতার পরিবারকে বিভ্রান্ত করার চেষ্টা, আর্থিক প্রস্তাব দেওয়া এবং সংবাদমাধ্যমের সামনে পুলিশের এক আধিকারিকের আচরণ নিয়ে তদন্ত হবে বলে জানান তিনি।

শুভেন্দু বলেন, নির্যাতিতার মাকে টাকা দেওয়ার চেষ্টা হয়েছিল কি না, কিংবা কোনও মন্ত্রী বা তৎকালীন মুখ্যমন্ত্রীর নির্দেশ ছিল কি না, তাও খতিয়ে দেখা হবে। হোয়াটসঅ্যাপ চ্যাট-সহ বিভিন্ন তথ্য পরীক্ষা করা হবে বলেও জানান তিনি। তাঁর কথায়, “ঘটনার সময় পুলিশের কিছু আচরণে বাংলার ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে। তাই নিয়ম মেনেই বিভাগীয় তদন্ত করা হবে।”

তবে মুখ্যমন্ত্রী স্পষ্ট করেছেন, খুন ও ধর্ষণের মূল মামলায় যে সিবিআই তদন্ত চলছে, সেখানে রাজ্য সরকার কোনও হস্তক্ষেপ করবে না। তিনি বলেন, “সিবিআই তাদের মতো তদন্ত চালাবে। আমরা শুধুমাত্র সেই সময় পুলিশের ভূমিকা ও আচরণ খতিয়ে দেখছি। নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করতেই তিন অফিসারকে সাসপেন্ড করা হয়েছে। তবে তাঁদের বক্তব্যও শোনা হবে।”

উল্লেখ্য, নির্বাচনের আগে BJP প্রতিশ্রুতি দিয়েছিল ক্ষমতায় এলে আর জি কর কাণ্ডের তদন্ত নতুন করে পর্যালোচনা করা হবে। সেই প্রতিশ্রুতির পরিপ্রেক্ষিতেই এবার ফের আলোচনায় উঠে এল অভয়া কাণ্ড।