Header AD
Trending

বাংলায় এবার ‘জনতার দরবার’! সরাসরি মানুষের অভিযোগ শুনবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

suvendu darbar

মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ার পর থেকেই বিভিন্ন পদক্ষেপ ও আচরণের মাধ্যমে শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) বারবার বুঝিয়ে দিয়েছেন, তিনি সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ বজায় রাখতে চান। এবার সেই ভাবনাকেই আরও একধাপ এগিয়ে নিয়ে গিয়ে রাজ্যে চালু হতে চলেছে ‘জনতার দরবার’ কর্মসূচি।

সূত্রের খবর, সপ্তাহে এক বা দুই দিন নির্দিষ্ট সময়ে সাধারণ মানুষের অভাব-অভিযোগ ও সমস্যার কথা সরাসরি শুনবেন মুখ্যমন্ত্রী। সেই বৈঠকে প্রশাসনের শীর্ষ আধিকারিকরাও উপস্থিত থাকবেন। অভিযোগ বা সমস্যার গুরুত্ব বিচার করে দ্রুত পদক্ষেপ নেওয়ার পরিকল্পনাও রয়েছে সরকারের।

সাধারণ মানুষের বহু অভিযোগ বা আবেদন নানা প্রশাসনিক স্তরে আটকে যায়। অনেকেই মুখ্যমন্ত্রীর কাছে নিজেদের সমস্যা পৌঁছে দিতে চাইলেও নিয়মকানুনের কারণে তা সম্ভব হয় না। চিঠি পাঠিয়েও সবসময় সঠিক জায়গায় পৌঁছয় না অভিযোগ। সেই দূরত্ব কমাতেই এই উদ্যোগ বলে মনে করা হচ্ছে।

রাজ্য প্রশাসন সূত্রে জানা গিয়েছে, আগামী ১ জুন থেকেই এই কর্মসূচি শুরু হতে পারে। মুখ্যমন্ত্রীর এই সিদ্ধান্তে ইতিমধ্যেই সাধারণ মানুষের মধ্যে উৎসাহ তৈরি হয়েছে।

উল্লেখ্য, দেশের একাধিক রাজ্যে ইতিমধ্যেই এই ধরনের কর্মসূচি চালু রয়েছে। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityanath)-এর উদ্যোগে উত্তরপ্রদেশে (Uttar Pradesh)-এ দীর্ঘদিন ধরেই ‘জনতার দরবার’ অনুষ্ঠিত হয়। এছাড়াও মধ্য প্রদেশ (Madhya Pradesh) ও ওড়িশা (Odisha)-তেও মুখ্যমন্ত্রীরা সরাসরি মানুষের অভিযোগ শোনেন। ওড়িশায় এই কর্মসূচি ‘জনশুনানি’ নামে পরিচিত। এবার সেই পথেই হাঁটতে চলেছে এই রাজ্যের নবগঠিত সরকার।