Header AD
Trending

‘যারা যেতে চায় যাক, নতুন করে দল করে নেব!’ বার্তা তৃণমূল নেত্রীর

mamata

ছাব্বিশের ভোটে কার্যত মুখ থুবড়ে পড়েছে রাজ্যের পূর্বতন শাসকদল তৃণমূল। নিমেষে শাসক থেকে বিরোধীতে পর্যবসিত হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) মা-মাটি-মানুষের  দল। বিরোধী আসনে বসেছে তৃণমূল কংগ্রেস। ২৯৪ আসনের মধ্যে মাত্র ৮০টিতে জিতেছেন তৃণমূল প্রার্থীরা। জয় নিশ্চিত এমন অনেক আসনেই জয়ের দোরগোড়ায় এসেও তরী ডুবেছে। ভবানীপুর থেকে পরাজিত হয়েছেন খোদ দলনেত্রী তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। এই পরিস্থিতিতে হাল না ছেড়ে ফের ঘুরে দাঁড়ানোর বার্তা দিয়েছেন দলনেত্রী। একই সঙ্গে কেউ দল ছাড়তে চাইলে তাঁকেও দল ছাড়ার অনুমতি দিয়েছেন তিনি।

শুক্রবার বিকেলে কালীঘাটের বাড়িতে পরাজিত ২১১ জন প্রার্থীদের নিয়ে বৈঠকে মমতা সাফ জানিয়েছেন, কেউ দল ছেড়ে চলে যেতে চাইলে যেতেই পারে। নতুন করে দল গড়ে নেবেন তিনি। এবারের ভোটে ২৯১ জন প্রার্থীর মধ্যে মাত্র ৮০ জন জয়ের মুখ দেখেছেন। বাকি ২১১ জনই পরাজিত। তাঁদের মধ্যে রয়েছেন বহু হেভিওয়েট নেতা-মন্ত্রীও। মূলত সেই পরাজিত প্রার্থীদের নিয়েই ছিল এই দিনের বৈঠক। বৈঠকে ছিলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও (Abhishek Banerjee)। এনিয়ে দলের এক্স হ্যান্ডলে পোস্ট করা হয়েছে। বলা হয়েছে, এঁরা প্রত্যেকেই অত্যাচার সহ্য করে অসম সাহসের সঙ্গে লড়েছেন।

উল্লেখ্য ৪ তারিখ ভোটের ফলপ্রকাশে হারের পর ৫ মে সাংবাদিক সম্মেলন করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, ‘‘জানি, অনেকেই অন্য দলে চলে যাবেন। তাঁদের হয়ত বাধ্যবাধকতা আছে। আমার তাতে কিছু বলার নেই। যারা যেতে চায়, যাক। আমি জোর করে ধরে রাখার পক্ষে নই।” এদিনও সেই একই বার্তা দিয়েছেন। মমতা বললেন, ‘‘যাঁরা অন্য দলে চলে যাচ্ছে, যাক। আমি নতুন করে দল গড়ব। যাঁরা আছেন, তাঁদের বলছি, আপনারা ভেঙে ফেলা পার্টি অফিস সারিয়ে তুলুন, রং করে আবার খুলুন। দরকারে আমিও রং করব। তৃণমূল কখনও মাথা নত করবে না। মানুষের রায় লুট করা হয়েছে।”