Header AD
Trending

মিঠুনের বাড়িতে শুভেন্দু, ‘পরিবর্তনের কারিগর’ বলে প্রশংসায় ভরালেন ! ‘ওঁর মতো দক্ষ মুখ্যমন্ত্রী রাজ্য পায়নি’ পাল্টা অভিনেতা

Suvendu Mithun Meeting

শনিবার সকালে নিউ টাউনে অভিনেতা তথা বিজেপি নেতা মিঠুন চক্রবর্তীর (Mithun Chakraborty) বাড়িতে গিয়ে দেখা করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। শপথ নেওয়ার পর এই প্রথম আলাদা করে দু’জনের বৈঠক হল। প্রায় এক ঘণ্টা ধরে রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে তাঁদের মধ্যে আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে।

বৈঠক শেষে শুভেন্দু বলেন, পশ্চিমবঙ্গে BJPর উত্থান এবং সরকার গঠনের পিছনে মিঠুনের বড় ভূমিকা রয়েছে। তাঁর কথায়, গত কয়েক বছর ধরে পরিবর্তনের লক্ষ্যে নিরলস পরিশ্রম করেছেন মিঠুন। এমনকি মুখ্যমন্ত্রী হওয়ার ক্ষেত্রেও মিঠুনের সমর্থন ও ভূমিকার কথা উল্লেখ করেন তিনি। শুভেন্দু জানান, মিঠুন নিজে দেখা করার ইচ্ছা প্রকাশ করেছিলেন, কিন্তু তিনি পাল্টা বলেন— “আপনি আসবেন কেন, আপনার তৈরি করা মুখ্যমন্ত্রীই আপনার কাছে আসবে।”

মিঠুনও শুভেন্দুর ভূয়সী প্রশংসা করেন। তাঁর দাবি, শুভেন্দুর মতো দক্ষ মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গ আগে পায়নি। শপথ নেওয়ার পর থেকেই তিনি দ্রুত কাজ শুরু করেছেন বলেও মন্তব্য করেন অভিনেতা। একই সঙ্গে তিনি জানান, রাজ্যের মানুষের জন্য যেসব প্রতিশ্রুতি ভোটের আগে দেওয়া হয়েছিল, সেগুলি বাস্তবায়নের কাজ শুরু হবে খুব শীঘ্রই।

বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের বিভিন্ন জেলায় ঘুরে বিজেপির হয়ে প্রচার করেছিলেন মিঠুন। সেই সময় দেওয়া প্রতিশ্রুতিগুলি বাস্তবায়ন নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন শুভেন্দু। মিঠুন বলেন, “মানুষকে যা কথা দিয়েছি, তা পূরণ করব। মুখ্যমন্ত্রী আমাকে যে দায়িত্ব দেবেন, তা পালন করব।”

মিঠুনের সঙ্গে সাক্ষাতের পর সমাজমাধ্যমেও শুভেন্দু তাঁর প্রশংসা করেন। তিনি লেখেন, “বিজেপির কেন্দ্রীয় সমিতির সদস্য তথা বিশিষ্ট অভিনেতা মিঠুন চক্রবর্তীর সঙ্গে কলকাতায় সৌজন্য সাক্ষাৎ করলাম। পশ্চিমবঙ্গের ‘গৌরব ফেরানোর লড়াইয়ে’ মিঠুন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন এবং রাজ্যের নানা ইস্যুতে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন। ২০২১ সালের পর থেকে ২০২৬-এ বিজেপির সরকার গঠন পর্যন্ত পশ্চিমবঙ্গের পরিবর্তনের লক্ষ্যে, পশ্চিমবঙ্গের গৌরব ফিরিয়ে আনতে নিরলস পরিশ্রম করেছেন তিনি। রাজ্যের প্রতিটি প্রান্তে ছুটে বেড়িয়েছেন। পশ্চিমবঙ্গের মা-বোনদের উপর নির্যাতন বা রাষ্ট্রবাদীদের প্রতি অত্যাচারের বিরুদ্ধে গর্জে উঠে যে ভবে তিনি পাশে থেকেছেন, তার জন্য তাঁকে কুর্নিশ জানাই।“