Header AD
Trending

আরজি কর কাণ্ডে ফের নতুন বেঞ্চ, সোমবার দ্রুত শুনানির আর্জি জানাতে পারে নির্যাতিতার পরিবার

r g kar incident

আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসক-ছাত্রীকে ধর্ষণ ও খুনের মামলার শুনানির জন্য আবারও নতুন ডিভিশন বেঞ্চ গঠন করল হাই কোর্ট (Calcutta High Court)। শনিবার প্রধান বিচারপতি সুজয় পাল ( Sujay Paul) জানান, এবার মামলাটি শুনবেন বিচারপতি শম্পা সরকার এবং বিচারপতি তীর্থঙ্কর ঘোষের ডিভিশন বেঞ্চ।

২০২৪ সালের ৯ অগস্টের ওই বহুচর্চিত ঘটনার তদন্ত নিয়ে নতুন করে আবেদন করেছে নির্যাতিতার পরিবার। তাদের দাবি, ঘটনার পূর্ণ সত্য সামনে আনতে আবারও বিস্তারিত তদন্ত প্রয়োজন। পাশাপাশি, আরজি কর হাসপাতালের যে স্থানে ওই চিকিৎসক-ছাত্রীর উপর নির্যাতনের অভিযোগ উঠেছিল, সেই জায়গা সরেজমিনে পরিদর্শনের অনুমতিও চাওয়া হয়েছে আদালতের কাছে।

এদিকে তদন্তকারী সংস্থা সিবিআই (Central Bureau of Investigation) নিম্ন আদালতে যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া অভিযুক্ত সঞ্জয় রায়ের মৃত্যুদণ্ড চেয়ে হাই কোর্টে আবেদন করেছে। অন্যদিকে সঞ্জয় নিজেকে নির্দোষ দাবি করে সাজা বাতিলের আবেদন জানিয়েছে। প্রধান বিচারপতির বেঞ্চ জানিয়েছে, নির্যাতিতার পরিবারের ঘটনাস্থল পরিদর্শনের আবেদন-সহ মামলার সব দিকই নতুন ডিভিশন বেঞ্চে শুনানি হবে। উল্লেখ্য, এর আগে এই মামলা ইতিমধ্যেই কলকাতা হাই কোর্টের তিনটি পৃথক বেঞ্চ থেকে সরে গিয়েছে।

গত ১২ মে বিচারপতি রাজাশেখর মান্থা (Rajashekhar Mantha) এবং বিচারপতি রাই চট্টোপাধ্যায়ের বেঞ্চ মামলাটি থেকে সরে দাঁড়ায়। সেই সময় আদালত মন্তব্য করেছিল, মামলার দ্রুত নিষ্পত্তি জরুরি এবং দোষী সাব্যস্ত ব্যক্তি হয়তো আরও গুরুত্বপূর্ণ তথ্য জানে। তাই তদন্তে আধুনিক প্রযুক্তি ও সবরকম বৈজ্ঞানিক পদ্ধতি ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছিল সিবিআইকে।

ঘটনাস্থল পরিদর্শনের আবেদনের প্রসঙ্গে আগের বেঞ্চ প্রশ্ন তোলে, সিবিআইয়ের আপত্তি না থাকলে রাজ্যের আপত্তির কারণ কী, বিশেষ করে যখন রাজ্য এই মামলার সরাসরি পক্ষ নয়। একই সঙ্গে আদালত মত দেয়, সঞ্জয় রায়ের খালাসের আবেদন এবং সিবিআইয়ের মৃত্যুদণ্ড চাওয়ার আবেদন একসঙ্গেই শুনানি হওয়া উচিত। আদালত সূত্রে খবর, সোমবার নতুন বেঞ্চে দ্রুত শুনানির আবেদন জানাতে পারেন নির্যাতিতার পরিবারের আইনজীবীরা।