Header AD
Trending

১ জুন থেকে সরকারি বাসে মহিলাদের ফ্রি যাত্রা! দূরপাল্লার বাসেও মিলবে সুবিধা

ladies bus

নবান্নে নবনির্বাচিত রাজ্য সরকারের দ্বিতীয় ক্যাবিনেট বৈঠকের পর বড় ঘোষণা করলেন রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul)। তিনি জানান, আগামী ১ জুন থেকে রাজ্যের সমস্ত সরকারি বাসে মহিলারা সম্পূর্ণ বিনামূল্যে যাতায়াত করতে পারবেন। শুধু শহর বা স্থানীয় রুট নয়, দূরপাল্লার সরকারি বাসেও এই সুবিধা মিলবে।

উল্লেখ্য, বিধানসভা নির্বাচনের আগে বিজেপি তাদের সংকল্পপত্রে মহিলাদের জন্য সরকারি বাসে ফ্রি পরিষেবার প্রতিশ্রুতি দিয়েছিল। সরকার গঠনের মাত্র ৯ দিনের মধ্যেই সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। প্রথম থেকেই প্রশ্ন উঠছিল, দূরপাল্লার বাসেও কি এই সুবিধা কার্যকর হবে? এদিন সেই জল্পনার অবসান ঘটিয়ে মন্ত্রী স্পষ্ট জানান, সব ধরনের সরকারি বাসেই মহিলারা বিনা ভাড়ায় যাতায়াত করতে পারবেন।

স্বভাবতই এই সিদ্ধান্তে খুশি মহিলা যাত্রীরা।যদিও রাজ্যে পর্যাপ্ত সরকারি বাসের অভাব রয়েছে। সেক্ষেত্রে বাস পরিষেবা বাড়ানোর ঘোষণা এখনও করেনি রাজ্য সরকার। সাংবাদিক বৈঠকে অগ্নিমিত্রা পল জানান, আপাতত নতুন সরকারি বাস বাড়ানোর বিষয়ে কোনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তবে ভবিষ্যতে একাধিক ইলেকট্রিক বাস চালুর পরিকল্পনা রয়েছে সরকারের।

শুধু পরিবহণ নয়, এদিন ‘অন্নপূর্ণা ভাণ্ডার’ নিয়েও গুরুত্বপূর্ণ ঘোষণা করা হয়েছে। মন্ত্রী জানান, আগামী ১ জুন থেকেই এই প্রকল্পের সুবিধা মিলবে। যাঁরা এতদিন ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্পের আওতায় ছিলেন, তাঁরাই অন্নপূর্ণা ভাণ্ডারের মাসিক ৩ হাজার টাকার সুবিধা পাবেন। পাশাপাশি নতুন আবেদনকারীদের জন্য খুব শীঘ্রই একটি অনলাইন পোর্টাল চালু করা হবে বলেও জানিয়েছেন তিনি।