২০১২ সালের ৬ ফেব্রুয়ারি পার্ক স্ট্রিট গণধর্ষণ মামলার তদন্ত করে আলোচনায় এসেছিলেন আইপিএস অফিসার দময়ন্তী সেন (Damayanti sen IPS)। সেই সময় দ্রুত তদন্ত শেষ করে দক্ষতার পরিচয় দিলেও পরবর্তী সময়ে তাঁকে আর তেমন গুরুত্বপূর্ণ মামলার দায়িত্ব দেওয়া হয়নি। এবার রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) তাঁকে ফের গুরুত্বপূর্ণ ভূমিকায় নিয়ে এলেন।
সোমবার নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী জানান, নারী ও শিশু নির্যাতনের একাধিক ঘটনার তদন্তের জন্য একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে। সন্দেশখালি, কসবা ও বগটুইয়ের মতো ঘটনার তদন্ত করবে এই কমিটি। কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) অবসরপ্রাপ্ত বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায়ের নেতৃত্বে গঠিত কমিটিতে তদন্তকারী আধিকারিক হিসেবে দায়িত্ব পেয়েছেন দময়ন্তী সেন। আগামী ১ জুন থেকে আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করবে কমিটি।
শিক্ষাজীবন থেকেই অত্যন্ত মেধাবী দময়ন্তী সেন । যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক ও স্নাতকোত্তরে প্রথম শ্রেণিতে প্রথম হন তিনি। ১৯৯৬ ব্যাচের আইপিএস অফিসার দময়ন্তী কলকাতা পুলিশের প্রথম মহিলা জয়েন্ট সিপি (ক্রাইম) হিসেবেও দায়িত্ব পালন করেছেন। পরে স্পেশাল কমিশনার পদেও ছিলেন।
পার্ক স্ট্রিট মামলার তদন্তে সাফল্যের পরও প্রশাসনের মূলস্রোত থেকে কিছুটা দূরে সরে যান তিনি। ২০২২ সালে কলকাতা হাই কোর্ট রাজ্যের কয়েকটি ধর্ষণ মামলার তদন্তে তাঁকে বিশেষ দায়িত্ব দেয়। এছাড়াও রসিকা জৈনের মৃত্যুরহস্য তদন্তের দায়িত্বও সামলেছেন তিনি। ২০২৩ সালে তাঁকে কলকাতা পুলিশ থেকে রাজ্য পুলিশের এডিজি (প্রশিক্ষণ) পদে বদলি করা হয়। বর্তমানে তিনি এডিজি ও আইজিপি পদমর্যাদায় কর্মরত।
নতুন এই কমিটির মাধ্যমে রাজ্যের নারী নির্যাতন সংক্রান্ত একাধিক জটিল মামলার তদন্তে ফের গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে দময়ন্তী সেনকে।





