Header AD
Trending

’সায়নী ঘোষের মাথা কেটে আনলে ১ কোটি’! উত্তরপ্রদেশে বিজেপি নেতার ভাইরাল ভিডিওতে তোলপাড়

Sayani ghosh video

তৃণমূল সাংসদ  সায়নী ঘোষকে ( Sayani Ghosh) ঘিরে ফের রাজনৈতিক বিতর্ক তুঙ্গে। উত্তরপ্রদেশের সিকন্দরাবাদে এক প্রতিবাদ সভা থেকে বিজেপি-ঘনিষ্ঠ নেতা তথা নগরপালিকার চেয়ারম্যান প্রদীপ দীক্ষিতের (Pradeep Dixit) একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে তাঁকে বলতে শোনা যাচ্ছে, সায়নীর “কাটা মাথা” এনে দিলে ১ কোটি টাকা পুরস্কার দেওয়া হবে।

ঘটনাটি ঘিরে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক চর্চা শুরু হয়েছে। ভাইরাল হওয়া ভিডিওতে দাবি করা হয়, ভগবান শিবকে নিয়ে অতীতে করা একটি বিতর্কিত পোস্টের প্রতিবাদ জানাতেই ওই সভার আয়োজন করা হয়েছিল। বিভিন্ন হিন্দু সংগঠনের উপস্থিতিতে আয়োজিত সেই সভায় সায়নীর বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করা হয়।

তবে ভাইরাল ভিডিওর সত্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন প্রদীপ দীক্ষিত নিজেই। তাঁর দাবি, সভায় তিনি বক্তব্য রাখলেও এমন হুমকিমূলক মন্তব্য কখনও করেননি। দীক্ষিতের অভিযোগ, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি ব্যবহার করে ভিডিও বিকৃত করা হয়েছে এবং উদ্দেশ্যপ্রণোদিত ভাবে তা ছড়ানো হচ্ছে।

প্রসঙ্গত, ২০১৫ সালে সায়নী ঘোষের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে শিবকে নিয়ে একটি বিতর্কিত পোস্ট প্রকাশিত হয়েছিল। পরে নেত্রী দাবি করেন, তাঁর অ্যাকাউন্ট হ্যাক হয়েছিল। যদিও সেই বিতর্ক বারবার রাজনৈতিক মহলে ফিরে এসেছে। ২০২৪ সালের লোকসভা নির্বাচনের সময়ও এই ইস্যুতে তাঁকে আক্রমণের মুখে পড়তে হয়েছিল।

এবার সেই পুরনো বিতর্ক ঘিরেই উত্তরপ্রদেশে প্রতিবাদ সভা এবং ভাইরাল ভিডিও নতুন রাজনৈতিক উত্তাপ তৈরি করেছে। যদিও এ বিষয়ে এখনও প্রকাশ্যে কোনও প্রতিক্রিয়া দেননি সায়নী।