রাজ্যের রাজনৈতিক মহলে ফের চাঞ্চল্য ছড়িয়েছে তৃণমূলের এক প্রভাবশালী নেতাকে ঘিরে। রাজারহাট-গোপালপুরের প্রাক্তন বিধায়ক তথা সংগীতশিল্পী অদিতি মুন্সির (Aditi Munshi)স্বামী দেবরাজ চক্রবর্তীকে ঘিরে আটক বা গ্রেপ্তারি জল্পনায় তোলপাড় রাজ্য রাজনী।তাঁকে আটক করা হয়েছে বলে মঙ্গলবার রাত থেকেই জোর জল্পনা ছড়ায় সমাজমাধ্যমে। যদিও গভীর রাত পর্যন্ত এ বিষয়ে কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি রাজ্য পুলিশ বা কলকাতা পুলিশ।
সূত্রের দাবি, উত্তর ২৪ পরগনার বাসিন্দা দেবরাজ চক্রবর্তী, যিনি তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)-র ঘনিষ্ঠ বলেই পরিচিত, তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য আটক রাখা হয়েছে।কেউ কেউ আবার দাবি করেছেন তাঁকে গ্রেপ্তার করেছে ইডি, আবার কারও মতে সিআইডি এই পদক্ষেপ করেছে। এমনও শোনা যাচ্ছে, তাঁকে ভবানীভবনে নিয়ে গিয়ে দীর্ঘক্ষণ ধরে জেরা করা হয়েছে। তবে এই সব তথ্যের কোনও সরকারি নিশ্চিতকরণ এখনও মেলেনি।
এদিকে বিজেপি শিবিরের একাংশ দাবি করেছে, তোলাবাজি ও দুর্নীতির মতো একাধিক অভিযোগে দেবরাজ চক্রবর্তীকে মঙ্গলবার রাতেই গ্রেপ্তার করা হয়েছে। যদিও সরকারি স্তরে এ বিষয়ে নীরবতা বজায় রয়েছে।
ঘটনার পর রাজনৈতিক মহলে জল্পনা আরও বাড়িয়ে দেন রাজারহাট-গোপালপুরের বিজেপি বিধায়ক তরুণজ্যোতি তিওয়ারি (Tarunjyoti Tiwari)। তিনি সমাজমাধ্যমে “পাপ বিদায়” মন্তব্য করে একটি পোস্ট করেন। এরপর বিজেপির প্রাক্তন নেতা সন্ময় বন্দ্যোপাধ্যায়ও দেবরাজের নাম উল্লেখ করে প্রশ্নচিহ্ন-সহ পোস্ট করেন।
প্রসঙ্গত, বিধানসভা নির্বাচনের সময় থেকেই দেবরাজ চক্রবর্তীকে নিয়ে বারবার সরব হয়েছে বিজেপি। তোলাবাজি, বিরোধীদের উপর হামলা এবং নানা দুর্নীতির অভিযোগে তাঁর নাম উঠে এসেছে একাধিকবার। ফলে তাঁকে ঘিরে নতুন করে তৈরি হওয়া এই বিতর্ক রাজনৈতিকভাবে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন পর্যবেক্ষকরা।
এদিকে পুরনিয়োগ দুর্নীতি মামলায়ও রাজ্যে রাজনৈতিক চাপ বাড়ছে। ইতিমধ্যেই গ্রেপ্তার হয়েছেন প্রাক্তন মন্ত্রী সুজিত বোস (Sujit Bose)। তদন্তে উঠে এসেছে দক্ষিণ দমদম পুরসভার নামও। সেই আবহেই দেবরাজ চক্রবর্তীকে ঘিরে এই আটক জল্পনা রাজ্য রাজনীতিতে নতুন করে উত্তাপ বাড়িয়েছে। তবে সরকারি নিশ্চিত তথ্য সামনে না আসা পর্যন্ত পুরো বিষয়টিই এখন জল্পনার পর্যায়েই রয়েছে।





