Header AD
Trending

কলকাতা পুরসভায় নজিরবিহীন অচলাবস্থা! তালাবন্ধ অধিবেশন কক্ষ ঘিরে তীব্র রাজনৈতিক চাপানউতোর

kmc boby

কলকাতা পুরসভায় ( Kolkata Municipal Corporation) শুক্রবার ঘটে গেল এক অভূতপূর্ব ঘটনা। নির্ধারিত মাসিক অধিবেশনের দিন অধিবেশন কক্ষের দরজাই খোলা হল না। ফলে ভিতরে ঢুকতে পারেননি কাউন্সিলররা। পরিস্থিতি ঘিরে চরম অস্বস্তি তৈরি হয় পুরসভা চত্বরে।তৃণমূল সাংসদ ও পুরসভার চেয়ারপার্সন মালা রায় কিছুক্ষণ অপেক্ষা করার পর বাধ্য হয়ে পুরসভার ক্লাব রুমেই বৈঠকের আয়োজন করেন। সেখানে উপস্থিত ছিলেন মেয়র ফিরহাদ হাকিম-সহ একাধিক তৃণমূল কাউন্সিলর।ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন মেয়র ফিরহাদ হাকিম (Mayor Firhad Hakim)।

ঘটনার তীব্র সমালোচনা করে ফিরহাদ হাকিম বলেন, “এটি পুরসভার কালো দিন। সংঘাত নয়, সাধারণ মানুষের স্বার্থে সবাইয়ের একসঙ্গে কাজ করা উচিত।” পাশাপাশি বৈঠকে উপস্থিত কাউন্সিলরদের ধন্যবাদও জানান তিনি।

রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর থেকেই বিভিন্ন পুরসভায় প্রশাসনিক টানাপোড়েন বাড়ছে। সেই আবহেই কলকাতা পুরসভা নিয়েও জল্পনা তুঙ্গে। মেয়র পদ থেকে ফিরহাদ হাকিম ইস্তফা দিতে পারেন কি না, তা নিয়েও শুরু হয়েছে জোর আলোচনা।এর আগেই মেয়র পারিষদের বৈঠক বাতিল করা হয়েছিল। পরে মাসিক অধিবেশন স্থগিত রাখার নির্দেশও আসে। একইসঙ্গে কলকাতা পুরসভার সচিব পদেও রদবদল করেছে রাজ্য সরকার। এতদিন সচিব পদে থাকা স্বপনকুমার কুণ্ডুকে ওএসডি (স্টেট গ্যাজেটিয়ার্স) পদে পাঠানো হয়েছে। তাঁর জায়গায় দায়িত্ব পেয়েছেন কিশোরকুমার বিশ্বাস

শুক্রবার দুপুরে তৃণমূলের কাউন্সিলররা বৈঠকের জন্য পুরসভায় পৌঁছলেও দেখা যায়, অধিবেশন কক্ষ তালাবন্ধ। অভিযোগ, বহু অনুরোধের পরও দরজা খোলা হয়নি। শেষপর্যন্ত ক্লাব রুমেই বৈঠক করতে বাধ্য হন কাউন্সিলররা।তৃণমূলের মোট ১৩৭ জন কাউন্সিলরের মধ্যে এদিন প্রায় ৯০ জন উপস্থিত ছিলেন। এমনকি বৈঠকে মাইকের ব্যবস্থাও ছিল না বলে অভিযোগ। ফলে নেতাদের খালি গলাতেই বক্তব্য রাখতে হয়।মালা রায় বলেন, “আমরা বারবার দরজা খোলার অনুরোধ জানিয়েছিলাম। কিন্তু তা করা হয়নি। তাই বাধ্য হয়েই ক্লাব রুমে অধিবেশন করতে হয়েছে।”

এই ঘটনাকে কেন্দ্র করে কলকাতা পুরসভার ভবিষ্যৎ প্রশাসনিক পরিস্থিতি নিয়ে নতুন করে জল্পনা শুরু হয়েছে। অন্যান্য পুরসভার মতো এখানেও কি কাউন্সিলরদের ইস্তফার ধারা দেখা যাবে? সেই প্রশ্ন এখন রাজনৈতিক মহলে ঘুরপাক খাচ্ছে।

এদিকে পরিস্থিতির গুরুত্ব বুঝে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) তাঁর কালীঘাটের বাড়িতে দলীয় কাউন্সিলরদের নিয়ে জরুরি বৈঠকে বসেছেন। এই বৈঠকে কোন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয় সেদিকেও নজর রয়েছে রাজনৈতিক মহলের।