Header AD

ভোট পরবর্তী হিংসার ঘটনায় উস্কানিমূলক মন্তব্য! স্বস্তিকাকে গড়িয়াহাট থানায় ডেকে জিজ্ঞাসাবাদ

২০২১ সালে ভোট-পরবর্তী হিংসায় উসকানির অভিযোগে এফআইআর দায়ের হয়েছে স্বস্তিকা মুখোপাধ্যায় (Swastika Mukherjee)ও পরমব্রত (Parambrata Chatterjee ) চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে। গত বৃহস্পতিবার, ২১ মে গড়িয়াহাট থানায় এই দুই অভিনেতার বিরুদ্ধে অভিযোগ করেন আইনজীবী জয়দীপ সেন। শনিবার, ২৩ মে সেই মামলায় গড়িয়াহাট হাজিরা দেন স্বস্তিকা। জানা গিয়েছে প্রায় ১ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয় তাঁকে।

এদিকে নিজেদের করা মন্তব্যে ফের নতুন করে বিপাকে স্বস্তিকা মুখোপাধ্যায়, পরমব্রত চট্টোপাধ্যায়। তাঁদের বিরুদ্ধে এবার বারাসত থানায় এফআইআর দায়ের করে গ্রেপ্তারির দাবি তুলল সনাতনী প্রচার ও প্রসার কমিটি। শনিবার দুই অভিনেতার বিরুদ্ধে এফআইআরটি (FIR) দায়ের করেন সংগঠনের সভাপতি হরিচাঁদ বিশ্বাস। তাঁর দাবি, পরমব্রত ও স্বস্তিকাকে দ্রুত গ্রেপ্তার করে কঠোরতম শাস্তি দেওয়া হোক। শনিবার দুপুরে এই ইস্যুতেই গড়িয়াহাট থানায় ডেকে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করা হয়েছে স্বস্তিকাকে ।

পাঁচ বছর আগে, বিধানসভা নির্বাচনের পরে সমাজমাধ্যমে পরমব্রত ও স্বস্তিকার দু’টি মন্তব্যকে ঘিরে এই বিতর্কের সূত্রপাত। ২০২১ সালের নির্বাচনের ফল প্রকাশ হয়েছিল ২ মে। সেই দিন পরমব্রত একটি বিতর্কিত মন্তব্য করেছিলেন বলে অভিযোগ। পাল্টা এক মন্তব্য করে তাতে সম্মতি জানিয়েছিলেন স্বস্তিকা। অভিযোগকারী আইনজীবীর বক্তব্য, ওই মন্তব্যের মাধ্যমে ভোট-পরবর্তী হিংসায় উসকানি দিয়েছিলেন পরমব্রত ও স্বস্তিকা। এই মন্তব্য রাজ্যের পরিবেশকে উত্তপ্ত করেছিল বলেও অভিযোগ করেছেন জয়দীপ। সমাজে প্রভাবশালী ব্যক্তিত্ব হওয়ায় পরমব্রত ও স্বস্তিকার মন্তব্যে অনেকেই প্রভাবিত হয়ে সেই সময়ে বিজেপি কর্মীদের উপর অত্যাচার করেছিলেন বলে অভিযোগ আইনজীবীর। উল্লেখ্য, এই মামলায় অপর অভিযুক্ত পরমব্রতকেও জিজ্ঞাসাবাদের সম্ভাবনা রয়েছে।