দুর্গাপুরের সেন মার্কেট (Durgapur Sen Market) ব্যবসায়ী সমিতিকে কেন্দ্র করে শুক্রবার ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়। ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদককে মারধরের অভিযোগ ওঠে একদল বিজেপি কর্মী-সমর্থকের বিরুদ্ধে। পরিস্থিতি সামাল দিতে এলাকায় পৌঁছায় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কেন্দ্রীয় বাহিনীকে লাঠিচার্জও করতে হয়।
ব্যবসায়ী সমিতির সদস্যদের দাবি, আচমকাই কয়েকজন বিজেপি সমর্থক সমিতির অফিস দখলের উদ্দেশ্যে সেখানে জড়ো হয়। বাধা দিতে গেলে ব্যবসায়ীদের উপর হামলা চালানো হয়। ঘটনায় বাজার চত্বরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে ব্যবসায়ী সমিতির তরফে ঘোষণা করা হয়, অভিযুক্তদের গ্রেপ্তার না করা পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য সেন মার্কেট বন্ধ থাকবে।
সমিতির সাধারণ সম্পাদক সাগর সাহা অভিযোগ করে বলেন, বিজেপিকে সমর্থন করেই তাঁরা ভোট দিয়েছিলেন। কিন্তু এখন সেই দলের নামেই কিছু দুনম্বরি লোক ব্যবসায়ীদের উপর প্রভাব খাটানোর চেষ্টা করছে। তাঁর কথায়, “যদি একজন সম্পাদকের উপর হামলা হতে পারে, তাহলে সাধারণ ব্যবসায়ীরাও নিরাপদ নন। আমাদের সমিতি কোনও রাজনৈতিক সংগঠন নয়, সব দলের মানুষ এখানে রয়েছেন। তাহলে এই হামলার কারণ কী?”
অন্যদিকে, বিজেপির রাজ্য নেতৃত্ব শুরু থেকেই কর্মীদের সংযত থাকার বার্তা দিয়ে আসছে। ভোট-পরবর্তী অশান্তিতে জড়িত থাকার অভিযোগে ইতিমধ্যেই ৫০ জন বিজেপি কর্মীকে শোকজও করা হয়েছে।
তবে দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষ্মণ ঘোড়ুই অভিযোগ উড়িয়ে দিয়ে বলেন, “এই ধরনের ঘটনা কোনওভাবেই মেনে নেওয়া হবে না। তৃণমূলের কিছু লোক হঠাৎ বিজেপিতে যোগ দিয়ে দলের নাম ব্যবহার করে অশান্তি ছড়ানোর চেষ্টা করছে। আমি পুলিশকে ঘটনার পূর্ণ তদন্ত করার অনুরোধ জানিয়েছি।” পাশাপাশি তিনি ব্যবসায়ী সমিতির কাছে বাজার খোলা রাখার আবেদনও জানান।





