Header AD
Trending

জ্যৈষ্ঠের দাবদাহে স্বস্তির ইঙ্গিত! সপ্তাহজুড়ে দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির পূর্বাভাস

Weather Update

জ্যৈষ্ঠের শুরু থেকেই প্রখর রোদ, তীব্র গরম আর অস্বস্তিকর আর্দ্রতায় নাজেহাল দক্ষিণবঙ্গের মানুষ। ভোর থেকেই চড়া রোদে পুড়ছে শহর থেকে জেলা— দিনের বেলায় রাস্তায় বের হওয়াই হয়ে উঠছে কঠিন। মাঝেমধ্যে দু-এক পশলা বৃষ্টি হলেও তাতে স্বস্তি মিলছে না, বরং উত্তপ্ত রাস্তার উপর সেই জল মুহূর্তে বাষ্প হয়ে উবে যাচ্ছে। তবে এই অসহনীয় গরমের মধ্যেই খানিক স্বস্তির খবর শোনাল আবহাওয়া দপ্তর।

আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, সোমবার থেকেই দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে। সপ্তাহের মাঝামাঝি থেকে সেই বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে। এর জেরে সপ্তাহান্তে তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে বলেও পূর্বাভাস।আবহবিদদের মতে, বিহারের উপর একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। সেই সঙ্গে অন্ধ্রপ্রদেশ পর্যন্ত বিস্তৃত অক্ষরেখা ঝাড়খণ্ড ও ওড়িশার উপর দিয়ে যাওয়ায় বঙ্গের দিকে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে। এই পরিস্থিতির জেরেই ঝড়বৃষ্টির অনুকূল পরিবেশ তৈরি হয়েছে।

সোম ও মঙ্গলবার দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এবং পূর্ব ও পশ্চিম বর্ধমানে বিকেল ও রাতের দিকে ঝড়বৃষ্টির সম্ভাবনা বেশি। তবে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুরে আপাতত গরম ও অস্বস্তি বজায় থাকবে।বুধবার থেকে দক্ষিণবঙ্গে কালবৈশাখীর দাপট বাড়তে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। টানা তিনদিন বিভিন্ন জেলায় ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এবং দুই বর্ধমানে ঝড়ের সম্ভাবনা বেশি। বৃহস্পতিবার পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, নদিয়া, উত্তর ২৪ পরগনা, হুগলি এবং বাঁকুড়ায় কালবৈশাখীর আশঙ্কা রয়েছে। শুক্রবার ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়ায় ঝড়বৃষ্টির সম্ভাবনা প্রবল। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই এই কয়েকদিন বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। শনিবারও বিক্ষিপ্তভাবে ঝড়বৃষ্টি হতে পারে।

অন্যদিকে উত্তরবঙ্গে পরিস্থিতি একেবারেই ভিন্ন। সেখানে ভারী বৃষ্টির সতর্কতা জারি রয়েছে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে সোমবার ভারী বৃষ্টি হতে পারে। মঙ্গলবার জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার জলপাইগুড়ি ও দক্ষিণ দিনাজপুরেও ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। তবে বুধবারের পর থেকে উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা কিছুটা কমবে বলে জানানো হয়েছে।