Header AD
Trending

১০ দিনে চতুর্থ ধাক্কা! ফের বাড়ল পেট্রল-ডিজেলের দাম, চাপে আমজনতা

Crude oil price

আবারও বাড়ল পেট্রল ও ডিজেলের দাম (Petrol-Disel Price Hike)। গত ১০ দিনের মধ্যে এই নিয়ে চতুর্থবার জ্বালানির মূল্যবৃদ্ধি হওয়ায় সাধারণ মানুষের উদ্বেগ আরও বাড়ল। সোমবার নতুন করে কলকাতায় প্রতি লিটার পেট্রলের দাম বেড়েছে ২ টাকা ৮৭ পয়সা এবং ডিজেলের দাম বেড়েছে ২ টাকা ৮০ পয়সা। ফলে শহরে বর্তমানে এক লিটার পেট্রলের দাম দাঁড়িয়েছে ১১৩ টাকা ৫১ পয়সা এবং ডিজেলের দাম ৯৯ টাকা ৮২ পয়সা।

এর আগে ১৫ মে ভোটপর্ব শেষ হওয়ার পরেই দেশজুড়ে এক ধাক্কায় প্রায় ৩ টাকা বাড়ানো হয়েছিল জ্বালানির দাম। এরপর ১৯ মে লিটার প্রতি আরও ৯০ পয়সা বৃদ্ধি পায়। ২৩ মে ফের ৮৭ পয়সা দাম বাড়ানো হয়। আর সোমবারের নতুন বৃদ্ধির ফলে মাত্র ১০ দিনের ব্যবধানে পেট্রল-ডিজেলের দাম বেড়েছে ৭ টাকারও বেশি।

শুধু কলকাতাই নয়, দেশের অন্যান্য মহানগরীতেও একই ছবি দেখা গিয়েছে। দিল্লিতে পেট্রলের দাম লিটার প্রতি ২.৬১ টাকা এবং ডিজেলের দাম ২.৭১ টাকা বেড়ে হয়েছে যথাক্রমে ১০২.১২ টাকা ও ৯৫.২০ টাকা। মুম্বইয়ে পেট্রলের দাম বেড়ে দাঁড়িয়েছে ১১১.২১ টাকা এবং ডিজেল ৯৭.৮৩ টাকা। চেন্নাইতেও জ্বালানির দামে বড়সড় বৃদ্ধি হয়েছে।

বারবার জ্বালানির মূল্যবৃদ্ধিতে নাজেহাল সাধারণ মানুষ। পরিবহণ খরচ বাড়ার আশঙ্কায় ইতিমধ্যেই বাস মালিক সংগঠনগুলি ভাড়া বৃদ্ধির দাবি তুলতে শুরু করেছে।বিশেষজ্ঞদের মতে, পেট্রল-ডিজেলের দাম বাড়লে তার প্রভাব পড়ে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারেও। ইতিমধ্যেই দুধ, পাঁউরুটি-সহ একাধিক খাদ্যপণ্যের দাম বাড়তে শুরু করেছে।

বিশ্ববাজারে অপরিশোধিত তেলের মূল্যবৃদ্ধির পেছনে ইরান-আমেরিকা যুদ্ধ এবং হরমুজ প্রণালীর সংকটকে বড় কারণ হিসেবে দেখা হচ্ছে। দীর্ঘদিন ধরেই তেল সংস্থাগুলি দাম বাড়ানোর পক্ষে চাপ সৃষ্টি করছিল। ভোট শেষ হওয়ার পর সেই সিদ্ধান্ত কার্যকর হওয়ায় সাধারণ মানুষের ওপর নতুন করে মূল্যবৃদ্ধির চাপ তৈরি হয়েছে।