মঙ্গলবার কল্যাণীর প্রশাসনিক বৈঠক থেকে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তার মধ্যেই সবচেয়ে উল্লেখযোগ্য ঘোষণা, ‘লক্ষ্মীর ভাণ্ডার’-এর পরিবর্তে চালু হতে চলেছে নতুন ‘অন্নপূর্ণা যোজনা’। তবে যতদিন পর্যন্ত নতুন প্রকল্পের আওতায় উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা না পৌঁছয়, ততদিন চালু থাকবে পুরনো প্রকল্প লক্ষ্মী ভাণ্ডার।
মুখ্যমন্ত্রী জানান, বুধবার নবান্নে মন্ত্রী অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul)-কে সঙ্গে নিয়ে আনুষ্ঠানিকভাবে অন্নপূর্ণা যোজনার ফর্ম প্রকাশ করবেন তিনি। মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিবের উপস্থিতিতেই এই প্রক্রিয়া শুরু হবে। একই দিন থেকেই অনলাইন ও অফলাইন— দুই মাধ্যমেই মিলবে আবেদনপত্র।
শুভেন্দু অধিকারীর কথায়, উপভোক্তারা যত দ্রুত নাম নথিভুক্ত করবেন, তত দ্রুত তাঁদের অ্যাকাউন্টে ৩০০০ টাকা করে পাঠানো হবে। তিনি স্পষ্ট করেন, “অন্নপূর্ণার টাকা পাওয়া শুরু না হওয়া পর্যন্ত লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধাও চালু থাকবে।”
আবেদন প্রক্রিয়া যাতে সাধারণ মানুষের জন্য সহজ হয়, সে দিকেও বিশেষ গুরুত্ব দিচ্ছে সরকার। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, শুধু আবেদনপত্র দিয়ে দায়িত্ব শেষ করা হবে না। সংশ্লিষ্ট কেন্দ্রের বিধায়কেরা নিজ উদ্যোগে ফর্ম পূরণে সাহায্য করবেন। পাশাপাশি বিডিওদের নেতৃত্বে প্রশাসনের কর্মীরাও বাড়ি বাড়ি গিয়ে আবেদনপত্র পূরণে সহযোগিতা করবেন।
এদিন মুখ্যমন্ত্রী আরও বলেন, এই প্রকল্পের সুবিধা শুধুমাত্র ভারতীয় নাগরিকরাই পাবেন। তাঁর বক্তব্য, দেশের সরকারি অর্থ কোনওভাবেই বাংলাদেশ থেকে আসা অনুপ্রবেশকারীদের জন্য ব্যয় করা হবে না।





