নিট (NEET) এবং সিবিএসই-র (CBSE) পর এবার বিতর্কের কেন্দ্রে এসএসসি জিডি (SSC GD) পরীক্ষা। সর্বভারতীয় এই নিয়োগ পরীক্ষাকে ঘিরে একের পর এক অনিয়মের অভিযোগ সামনে আসতেই ফের প্রশ্নের মুখে দেশের পরীক্ষা ব্যবস্থা। গত ২৫ মে অনুষ্ঠিত হওয়া এসএসসি জিডি অনলাইন পরীক্ষায় বারবার হ্যাকিংয়ের চেষ্টা হয়েছে বলে জানিয়েছেন স্টাফ সিলেকশন কমিশনের চেয়ারম্যান এস গোপালাকৃষ্ণন। যদিও তাঁর দাবি, প্রশ্নফাঁস হয়নি, তবে প্রযুক্তিগত গোলযোগের কারণেই একাধিক কেন্দ্রে পরীক্ষা বাতিল করতে হয়েছে।এই ঘটনায় সরব হয়েছেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। এক্স হ্যান্ডেলে দীর্ঘ পোস্ট করে তিনি কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন।
তাঁর অভিযোগ, ‘পরীক্ষা ব্যবস্থায় স্বচ্ছতা বজায় রাখতে ব্যর্থ কেন্দ্র। বছরের পর বছর কঠোর পরিশ্রম করে প্রস্তুতি নেওয়া লক্ষ লক্ষ যুবক-যুবতীর ভবিষ্যৎ বারবার অনিশ্চয়তার মুখে ঠেলে দেওয়া হচ্ছে। এসএসসি জিডি পরীক্ষা ঘিরে দেশের বিভিন্ন প্রান্ত থেকে একাধিক অভিযোগ উঠে এসেছে। কোথাও নির্ধারিত আসনের তুলনায় বেশি পরীক্ষার্থীকে অ্যাডমিট কার্ড দেওয়া হয়েছে, কোথাও প্রশ্নফাঁসের আশঙ্কা, আবার কোথাও পরীক্ষা চলাকালীন সিস্টেম ক্র্যাশের মতো সমস্যা দেখা গিয়েছে। এর জেরে বহু পরীক্ষার্থীর মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। উত্তরপ্রদেশ ও বিহারের বিভিন্ন জায়গায় প্রতিবাদেও সামিল হন চাকরিপ্রার্থীরা। পরে এসএসসি কর্তৃপক্ষ পুনরায় পরীক্ষার সিদ্ধান্ত নেয়।’
অভিষেক তাঁর পোস্টে লেখেন, ‘প্রায় ৪৬ লক্ষ পরীক্ষার্থী অনেক স্বপ্ন নিয়ে পরীক্ষায় অংশ নিয়েছিল, কিন্তু দেশের পরীক্ষা ব্যবস্থার উপর মানুষের আস্থা ক্রমশ ভেঙে পড়ছে।’ তাঁর মতে, ‘মেধাকে পরিকল্পিতভাবে ধ্বংস করার চেষ্টা চলছে এবং যুবসমাজ বিশ্বাস করতে শুরু করেছে যে শুধুমাত্র পরিশ্রম করলেই সফলতা মিলবে না, কারণ ব্যবস্থার গাফিলতিই তাদের ব্যর্থ করে দিচ্ছে।’
তিনি আরও বলেন, ‘যে সরকার দেশের পরীক্ষা ব্যবস্থার স্বচ্ছতা বজায় রাখতে পারে না, তারা দেশের ভবিষ্যৎও সুরক্ষিত রাখতে অক্ষম।’ তাঁর দাবি, এখন দেশ গঠনের বদলে “পরীক্ষা দুর্নীতি” নিয়েই বেশি শিরোনাম তৈরি হচ্ছে।
উল্লেখ্য, সম্প্রতি নিট পরীক্ষায় প্রশ্নফাঁসের অভিযোগে দেশজুড়ে বিতর্ক ছড়ায়। পাশাপাশি সিবিএসই-র দ্বাদশের অনলাইন মূল্যায়ন পদ্ধতি নিয়েও উঠেছে একাধিক প্রশ্ন। সেই আবহেই এসএসসি জিডি পরীক্ষাকে কেন্দ্র করে নতুন বিতর্ক আরও চাপ বাড়াল কেন্দ্রের উপর।





