Header AD

ভোটে বিপর্যয়ের পর অবশেষে পথে নামছেন অভিষেক! আক্রান্ত দুই দলীয় সতীর্থর বাড়ি যাবেন শনিবার

ab mitali

ভোট-পরবর্তী অশান্তির আবহে অবশেষে মাঠে নামছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক। আক্রান্ত কর্মীদের বাড়ি যাবেন শনিবার।

ভোটে বড় ধাক্কার পর থেকেই চাপে রয়েছে তৃণমূল (All India Trinamool Congress)। দলের অন্দরে ক্ষোভ, অসন্তোষ এবং নেতৃত্ব নিয়ে প্রশ্ন ক্রমশ প্রকাশ্যে আসছে। বিশেষ করে ভোট-পরবর্তী হিংসায় আক্রান্ত দলীয় কর্মীদের পাশে অভিষেক (Abhishek Banerjee)দাঁড়াননি— এমন অভিযোগ ঘুরে বেড়াচ্ছিল তৃণমূলের অন্দরেই। এই পরিস্থিতিতে অবশেষে সক্রিয় হচ্ছেন দলের সর্বভারতীয় সভাপতি।

জানা গিয়েছে, শনিবার প্রথমে দক্ষিণ ২৪ পরগনার সোনারপুর (Sonarpur) দক্ষিণে যাবেন অভিষেক। সেখানে ভোট-পরবর্তী অশান্তিতে আক্রান্ত তৃণমূল কর্মী সঞ্জু কর্মকারের বাড়িতে যাওয়ার কথা রয়েছে তাঁর। এরপর তিনি যাবেন বেলেঘাটায় (Beliaghata)। সেখানে আক্রান্ত দলীয় কর্মী বিশ্বজিৎ পট্টনায়েকের সঙ্গে দেখা করবেন বলে সূত্রের খবর।

গত ৪ মে ভোটের ফল প্রকাশের দিন থেকেই রাজ্যের একাধিক জায়গায় রাজনৈতিক হিংসা ছড়িয়ে পড়ে। পোস্টাল ব্যালট গণনার সময় থেকেই শুরু হয় তৃণমূল ও বিজেপির মধ্যে তীব্র লড়াই। দুপুরের পর থেকেই ধীরে ধীরে স্পষ্ট হতে থাকে গেরুয়া শিবিরের এগিয়ে থাকার ছবি। ফল ঘোষণার সঙ্গে সঙ্গেই রাজ্যের বিভিন্ন প্রান্তে সংঘর্ষ ও অশান্তির খবর সামনে আসে।

সেদিন শেষবার গণনা কেন্দ্রে দেখা গিয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। সেখানে তাঁকে কটূক্তি ও ‘চোর’ স্লোগানের মুখেও পড়তে হয় বলে অভিযোগ। তারপর দীর্ঘ সময় জনসমক্ষে আর দেখা যায়নি তাঁকে। যদিও কালীঘাটে দলের অভ্যন্তরীণ বৈঠকে উপস্থিত ছিলেন তিনি।

দলীয় সূত্রে খবর, সাম্প্রতিক বৈঠকগুলিতে অভিষেকের ভূমিকা নিয়েই সবচেয়ে বেশি প্রশ্ন উঠেছে। তাঁর একাধিক রাজনৈতিক সিদ্ধান্ত এবং আইপ্যাকের উপর অতিরিক্ত নির্ভরতার কারণেই দলের এই ভরাডুবি হয়েছে বলে অভিযোগ করেন দলেরই একাংশ। পাশাপাশি ক্ষমতায় থাকাকালীন নেতা-কর্মীদের সঙ্গে দূরত্ব তৈরি হওয়া এবং দুর্ব্যবহারের অভিযোগও উঠেছে তাঁর বিরুদ্ধে।

ভোটে বিপর্যয়ের পরেও কর্মীদের পাশে না দাঁড়ানো নিয়ে ক্ষোভ আরও বাড়ছিল। দলের অনেক নেতাই মত দেন, শুধুমাত্র ঘরোয়া বৈঠকে পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব নয়— মাঠে নেমে কর্মীদের পাশে দাঁড়াতেই হবে। সেই চাপের মুখেই অবশেষে ভোটের ফল প্রকাশের প্রায় তিন সপ্তাহ পর সরাসরি কর্মীদের কাছে যাওয়ার সিদ্ধান্ত নিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।