Header AD
Trending

পরিচ্ছন্ন বাংলা গড়তে বড় পদক্ষেপ, শনিবার থেকেই চালু হচ্ছে ‘স্বচ্ছ অ্যাপ’

agni mitra

রাজ্যের পুর এলাকাগুলিকে আরও পরিচ্ছন্ন ও আধুনিক করে তুলতে বড় উদ্যোগ নিল রাজ্য সরকার। শনিবার থেকেই চালু হতে চলেছে সরকারের নতুন উদ্যোগ ‘স্বচ্ছ অ্যাপ’। প্রথম পর্যায়ে রাজ্যের ১০টি পুরসভায় এই পরিষেবা চালু করা হবে বলে জানিয়েছেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul)।

মন্ত্রী জানান, আগামী তিন মাস এই অ্যাপের মাধ্যমে সাধারণ মানুষকে সচেতন করার কাজ চলবে। তাঁর কথায়, এটি কোনও নতুন নিয়ম চাপিয়ে দেওয়ার উদ্যোগ নয়, বরং রাজ্যকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে নাগরিকদের আরও সচেতন করে তোলাই মূল উদ্দেশ্য।

‘স্বচ্ছ অ্যাপ’-এর মাধ্যমে পুর পরিষেবা সংক্রান্ত বিভিন্ন তথ্য সহজেই জানতে পারবেন সাধারণ মানুষ। পাশাপাশি রাস্তা বা এলাকায় জমে থাকা আবর্জনার ছবি তুলে সরাসরি অ্যাপে অভিযোগ জানানো যাবে। প্রশাসনের তরফে দ্রুত সেই অভিযোগ নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হবে বলেও আশ্বাস দেওয়া হয়েছে।

অগ্নিমিত্রা পাল আরও জানান, আগস্ট মাস থেকে রাজ্যজুড়ে তিন মাসব্যাপী সচেতনতামূলক প্রচার চালানো হবে। পাশাপাশি প্রতি ১০০ মিটার অন্তর ডাস্টবিন বসানোর পরিকল্পনাও নেওয়া হয়েছে।

সরকারের দাবি, উন্নত ও স্বচ্ছ বাংলা গড়তে প্রযুক্তিকেই এবার মানুষের সবচেয়ে বড় সহায়ক করে তোলা হবে। রাস্তা, নিকাশি, আবর্জনা-সহ নাগরিক পরিষেবার বিভিন্ন সমস্যা সমাধান এবার হবে হাতের মুঠোয়।

এছাড়াও যেখানে সেখানে ময়লা ফেলা, থুতু বা পানের পিক ফেললে জরিমানার ব্যবস্থাও করা হবে বলে জানিয়েছেন মন্ত্রী।

তবে এখনই কড়াকড়ি নয়। আগামী তিন মাস মানুষকে সচেতন হওয়ার সুযোগ দেবে সরকার। পয়লা সেপ্টেম্বর থেকে স্বচ্ছতা সংক্রান্ত নিয়ম ভাঙলেই কড়া পদক্ষেপ নেওয়া হবে বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে রাজ্য সরকার।