বিধানসভার পরিষদীয় দলনেতা নির্বাচনের প্রস্তাবপত্রে সই জালিয়াতির অভিযোগ ঘিরে তদন্তে নতুন মোড়। সেই মামলার সূত্র ধরেই শনিবার তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) ‘শান্তিনিকেতন’ বাসভবনে পৌঁছয় সিআইডির চার সদস্যের একটি দল।পাশাপাশি সিআইডির দল নোটিশ দিয়েছে তাঁর কালীঘাটের বাড়িতেও। গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে সাংসদের বক্তব্য, “আমি দমার ছেলে নয়, আদালতে যাব।”
শনিবার দুপুর ১টার পর CID-র তদন্তকারীদের বিশেষ দলটি অভিষেকের ‘শান্তিনিকেতন’ বাড়িতে গেলেও তাঁদের জন্য গেট খোলা হয়নি। বাড়ির এক কর্মী সিআইডি আধিকারিকদের জানান, অভিষেক বন্দ্যোপাধ্যায় বা তাঁর পরিবারের কোনও সদস্যই বর্তমানে সেখানে নেই। তিনি আরও বলেন, তাঁদের অবস্থান সম্পর্কেও তাঁর কাছে কোনও তথ্য নেই।
এরপর দুপুর আড়াইটে নাগাদ সিআইডি আধিকারিকরা কালীঘাটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে যান। সেখানেই তাঁর নামে একটি নোটিশ দেওয়া হয়।
পরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে অভিষেক বলেন, “সিআইডি টিম কেন এসেছে, কেএমসি কেন এসেছে, কি নোটিশ দিয়েছে- যারা দিয়েছে তারা বলতে পারবে। আমি আদালতে যাব, আমার অধিকার আছে।আপনারা বলছেন সই জাল মামলায় সিআইডি এসেছে। আমি কিন্তু কিছুই জানি না। আমার বিরুদ্ধে যা অভিযোগ আমায় নোটিশ দেবে, আমি আইনত লড়াই করব।” এরপর সিআইডিকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে তৃণমূল সাংসদ বলেন, সিআইডি কি- এদের ইডি-সিবিআই-এর কাছে আমি মাথানত করিনি। এদের দশ পুরুষও যদি চায় না, আমাকে সিআইডি-কেএমসি দিয়ে বাড়ি ভেঙে, ঘর ভেঙে, অফিস ভেঙে, মাথায় আঘাত করে- যা ইচ্ছা তাই করুক। আমি দমার ছেলে নই।”
তদন্তকারী সূত্রের দাবি, বিধানসভায় পরিষদীয় দলনেতা নির্বাচনের প্রস্তাবপত্রে কয়েকজন অনুপস্থিত বিধায়কের স্বাক্ষর জাল করার অভিযোগের তদন্তেই এই পদক্ষেপ। জানা গিয়েছে, তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে অনুষ্ঠিত এক বৈঠকে শোভনদেব চট্টোপাধ্যায়কে পরিষদীয় দলনেতা হিসেবে বেছে নেওয়া হয়। কিন্তু ওই বৈঠকে অনুপস্থিত থাকা কয়েকজন বিধায়কের স্বাক্ষর কীভাবে প্রস্তাবপত্রে এল, তা নিয়েই বিতর্কের সূত্রপাত।
অভিযোগ ওঠার পর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লেটারহেডে বিধানসভায় একটি চিঠি পাঠানো হয়েছিল। সেই চিঠির স্বাক্ষর নিয়েও প্রশ্ন উঠলে বিধানসভা সচিবালয় হেয়ার স্ট্রিট থানায় অভিযোগ দায়ের করে। পরবর্তীতে মামলার তদন্তভার গ্রহণ করে সিআইডি।
ইতিমধ্যেই এই মামলার তদন্তে একাধিক বিধায়কের বাড়িতে গিয়েছে সিআইডি। বৃহস্পতিবার রাতে চৌরঙ্গীর বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায়, ডোমজুড়ের তাপস মাইতি এবং ক্যানিং পূর্বের বাহারুল ইসলামের বাড়িতে তদন্তকারীরা যান। শুক্রবার বোলপুরের বিধায়ক চন্দ্রনাথ সিনহা এবং কুণাল ঘোষের বাসভবনেও সিআইডির দল পৌঁছয়। সেই ধারাবাহিক তদন্তের অংশ হিসেবেই এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পৌঁছল রাজ্যের গোয়েন্দা সংস্থা।





