অন্নপূর্ণা যোজনার (Annapurna Yojona) ১৩ পাতার আবেদনপত্র নিয়ে বহু মহিলার মধ্যে যে বিভ্রান্তি ও উদ্বেগ তৈরি হয়েছে, তা দূর করতে শনিবার গুরুত্বপূর্ণ বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তিনি জানান, আবেদনকারীদের কোনওরকম চিন্তা করার প্রয়োজন নেই। সরকারি কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে ফর্ম পূরণে সাহায্য করবেন, যাতে প্রকৃত সুবিধাভোগীরা সহজেই এই প্রকল্পের আওতায় আসতে পারেন।
শনিবার এক সরকারি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “বিন্দুমাত্র বিচলিত হবেন না। আমাদের লোকেরা বাড়িতে বাড়িতে গিয়ে ফর্ম পূরণ করতে সাহায্য করবেন। আমরা চাই প্রকৃত প্রাপকরাই যেন সাহায্য পান।”
এর আগে নারী ও শিশুকল্যাণমন্ত্রী অগ্নিমিত্রা পল, মন্ত্রী দিলীপ ঘোষ এবং বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যও জানিয়েছিলেন যে আবেদনপত্রের প্রক্রিয়াকে আরও সহজ করার উদ্যোগ নেওয়া হচ্ছে।
উল্লেখ্য, এদিন বিধাননগর হাসপাতালে সার্ভাইক্যাল ক্যানসার প্রতিরোধে টিকাকরণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত হয়ে মুখ্যমন্ত্রী পুনরায় আশ্বাস দেন যে সরকার নিয়ম মেনে সমস্ত কাজ সম্পন্ন করবে এবং যোগ্য আবেদনকারীদের কোনও অসুবিধার সম্মুখীন হতে হবে না।
প্রসঙ্গত, গত বুধবার নবান্নে সাংবাদিক বৈঠক করে অন্নপূর্ণা যোজনার আবেদনপত্র প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী। সেই বৈঠকে উপস্থিত ছিলেন মন্ত্রী অগ্নিমিত্রা পল, মুখ্যসচিব মনোজকুমার আগরওয়ালসহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা। আবেদনপত্র প্রকাশের পর থেকেই এর দৈর্ঘ্য ও জটিলতা নিয়ে নানা প্রশ্ন উঠতে শুরু করে। তখনও সরকার জানিয়েছিল যে আবেদনকারীদের জন্য প্রয়োজনীয় সহায়তার ব্যবস্থা করা হবে।
এদিকে মুখ্যমন্ত্রী আরও জানান, যাঁরা ইতিমধ্যেই আবেদনপত্র জমা দিয়েছেন, তাঁদের মধ্যে যোগ্যদের জন্য আগামী ২ জুন মন্ত্রীসভার বৈঠকের পর থেকে ৩ হাজার টাকার আর্থিক অনুদান প্রদান শুরু হবে। ফলে প্রকল্পের সুবিধা পাওয়ার বিষয়ে আবেদনকারীদের উদ্বিগ্ন হওয়ার কোনও কারণ নেই বলেই সরকারের পক্ষ থেকে বারবার আশ্বাস দেওয়া হয়েছে।





