রবিবার দুপুরে TMC বিধায়ক মদন মিত্রের (Madan Mitra) কামারহাটির বাড়িতে পুলিশি তল্লাশি চালানো হয়। এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে নতুন করে জল্পনা শুরু হয়েছে। সাম্প্রতিক সময়ে বিভিন্ন দুর্নীতি ও ভোট-পরবর্তী হিংসার অভিযোগে একাধিক তৃণমূল নেতার বিরুদ্ধে তদন্ত চলছে। সেই প্রেক্ষাপটে মদন মিত্রের বাড়িতে পুলিশের উপস্থিতি বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বারাকপুর পুলিশ কমিশনারেটের ডেপুটি কমিশনার (দক্ষিণ) দ্যুতিমান ভট্টাচার্যের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। কামারহাটির ‘উদয় ভিলা’ নামে পরিচিত বাড়িটি প্রথমে তালাবন্ধ থাকায় পুলিশকে কিছুক্ষণ অপেক্ষা করতে হয়। পরে বাড়ির ভেতরে প্রবেশ করে তদন্তকারীরা।
প্রাথমিক তদন্তে উঠে এসেছে, যে জমির উপর ওই বাড়িটি নির্মিত হয়েছে বলে অভিযোগ, তা নাকি কেন্দ্রীয় সরকারের একটি সংস্থার অধীন। সংশ্লিষ্ট এলাকায় মহিলাদের স্বনির্ভরতার প্রশিক্ষণমূলক বিভিন্ন কর্মসূচি পরিচালিত হত। অভিযোগ করা হচ্ছে, ২০১১ সালে রাজ্যে সরকার পরিবর্তনের পর থেকেই ওই জমি দখল হয়ে যায় এবং সেখানে নানা ধরনের অনিয়ম ও বেআইনি কার্যকলাপ চলত।
উল্লেখ্য, সম্প্রতি তৃণমূল বিধায়কদের স্বাক্ষর সংক্রান্ত একটি বিতর্কিত মামলার তদন্তও শুরু হয়েছে। সেই সূত্রে বেশ কয়েকজন তৃণমূল নেতার বাড়িতে তদন্তকারী সংস্থার আধিকারিকরা গিয়েছেন। আগামী সোমবার এই মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) ভবানী ভবনে হাজির হতে বলা হয়েছে।
এই পরিস্থিতিতে মদন মিত্রের বাড়িতে পুলিশের তল্লাশি রাজনৈতিক মহলে নতুন করে আলোচনা ও বিতর্কের জন্ম দিয়েছে। তবে তদন্তের স্বার্থে পুলিশ এখনও বিস্তারিতভাবে কোনও মন্তব্য করেনি।





