রাজধানী দিল্লিতে সম্ভাব্য বড়সড় নাশকতার পরিকল্পনা বানচাল করার দাবি করেছে পুলিশ। শনিবার এক বিশেষ অভিযানে ৯ জন সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, ধৃতদের মধ্যে কয়েকজনের সঙ্গে আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিমের (Dawood Ibrahim) যোগাযোগ থাকতে পারে। পাশাপাশি তারা আইএসআই-এর (Inter-Services Intelligence) সঙ্গেও যুক্ত ছিল বলে সন্দেহ করা হচ্ছে।
পুলিশ সূত্রে খবর, দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার পরিকল্পনা ছিল এই চক্রের। বিমানবন্দর, রেলস্টেশন, পারমাণবিক কেন্দ্র এবং বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রকে সম্ভাব্য লক্ষ্য হিসেবে চিহ্নিত করা হয়েছিল। শুধু দিল্লি নয়, মুম্বই-সহ দেশের একাধিক শহরে হামলার ছক কষা হচ্ছিল বলেও তদন্তকারীদের ধারণা।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের কাছ থেকে বিপুল পরিমাণ অস্ত্র, গুলি ও বিস্ফোরক উদ্ধার হয়েছে বলে দাবি পুলিশের। ধৃতদের মধ্যে কয়েকজন বিদেশি নাগরিকও থাকতে পারে বলে প্রাথমিকভাবে জানা গেছে। দীর্ঘদিন ধরেই তারা গোয়েন্দা সংস্থার নজরে ছিল। বর্তমানে তারা কার নির্দেশে কাজ করছিল এবং তাদের নেটওয়ার্ক কতটা বিস্তৃত, তা খতিয়ে দেখা হচ্ছে।
এই ঘটনার পর গোটা দিল্লিতে হাই অ্যালার্ট জারি করা হয়েছে। পুলিশকে অন্যান্য গোয়েন্দা সংস্থা এবং আধাসামরিক বাহিনীর সঙ্গে সমন্বয় রেখে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। তদন্তকারীদের অনুমান, বিদেশ থেকে আর্থিক সহায়তা পেত এই গোষ্ঠী। অর্থ কীভাবে তাদের কাছে পৌঁছাত এবং বিদেশে থাকা হ্যান্ডলারদের ভূমিকা কী ছিল, তা নিয়েও তদন্ত চলছে।
উল্লেখ্য, গত বছরের ১০ নভেম্বর Red Fort-এর কাছে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা দেশকে নাড়িয়ে দিয়েছিল। ওই বিস্ফোরণে ১১ জনের মৃত্যু হয়েছিল এবং বহু মানুষ আহত হন। পরে এনআইএ-এর (National Investigation Agency) চার্জশিটে দাবি করা হয়, হামলার নেপথ্যে ছিল আনসার ঘজওয়াত উল হিন্দ ( Ansar Ghazwat-ul-Hind) নামের জঙ্গি সংগঠন। সেই ঘটনার তদন্তে উঠে এসেছিল যে অভিযুক্তদের মধ্যে অনেকেই উচ্চশিক্ষিত ও পেশাদার ছিলেন।
তাই প্রশ্ন উঠছে, এবার গ্রেপ্তার হওয়া এই সন্দেহভাজনরাও কি একই ধরনের বড়সড় নাশকতার পরিকল্পনা করছিল? এর উত্তর মিলবে তদন্ত এগোনোর সঙ্গে সঙ্গে।





