Header AD
Trending

লোকভবনে শুভেন্দুর সরকারের মন্ত্রিসভা সম্প্রসারণ! শপথ নিলেন ৩৫ নতুন মন্ত্রী

ministry

সোমবার রাজ্যের প্রথম বিজেপি সরকারের মন্ত্রিসভার সম্প্রসারণ সম্পন্ন হল। শুভেন্দুর সরকার পেল পূর্ণাঙ্গ মন্ত্রিসভা। লোকভবনে আয়োজিত এক অনুষ্ঠানে রাজ্যপাল আর এন রবির উপস্থিতিতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikary) মন্ত্রিসভার বাকি ৩৫ জন সদস্য শপথ গ্রহণ করলেন। ১৩ জন পূর্ণমন্ত্রীর সঙ্গে শপথ নিলেন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীরা এবং প্রতিমন্ত্রীরাও।

বন্দেমাতরম ও জাতীয় সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজেও।মন্ত্রীদের নাম ঘোষণা করেন মুখ্যসচিব মনোজ আগারওয়াল। নতুন মন্ত্রিসভায় ১৩ জন পূর্ণমন্ত্রী হিসেবে শপথ নেন। তাঁদের মধ্যে রয়েছেন তাপস রায়, মনোজ ওরাওঁ, অর্জুন সিংহ, গৌরীশঙ্কর ঘোষ, দীপক বর্মণ, শারদ্বত মুখোপাধ্যায়, অরূপকুমার দাস, স্বপন দাশগুপ্ত, জগন্নাথ চট্টোপাধ্যায়, কল্যাণ চক্রবর্তী, শঙ্কর ঘোষ, অজয় পোদ্দার এবং দুধকুমার মণ্ডল।

এছাড়া স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন মালতি রাভা রায়, রাজেশ মাহাতো এবং ইন্দ্রনীল খাঁ। প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন আরও ১৯ জন বিধায়ক, যাঁদের মধ্যে রয়েছেন অশোক দিন্ডা, কৌশিক চৌধুরী, জুয়েল মুর্মু, হরেকৃষ্ণ বেরা, শান্তনু প্রামাণিক, মৌমিতা বিশ্বাস মিশ্র, উমেশ রাই, পূর্ণিমা চক্রবর্তী, ভাস্কর ভট্টাচার্য, দিবাকর ঘরামি, নাদিয়ারচাঁদ বাউড়ি, গার্গী দাস ঘোষ, অমিয় কিস্কু, কলিতা মাজি, বিরাজ বিশ্বাস, সুমনা সরকার, আনন্দময় বর্মণ, বিশাল লামা এবং দীপঙ্কর জানা।

এদিনের অনুষ্ঠানে অধিকাংশ নবনিযুক্ত মন্ত্রীকে ধুতি-পাঞ্জাবি সহ ঐতিহ্যবাহী বাঙালি পোশাকে দেখা যায়। তবে কার হাতে কোন দপ্তরের দায়িত্ব যাবে, তা এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি।

মন্ত্রিসভার সদস্যদের অনেকেই শপথ অনুষ্ঠানে পরিবারের সদস্যদের সঙ্গে উপস্থিত ছিলেন। লোক ভবনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বালুরঘাটের সাংসদ ও কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার, রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য, মন্ত্রী অগ্নিমিত্রা পাল, দিলীপ ঘোষ-সহ বিজেপির একাধিক শীর্ষ নেতা।