বাংলায় বিজেপি সরকারের প্রতিশ্রুত অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের (Annapurna Bahandar) আওতায় অর্থ প্রদান আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। বুধবার প্রথম পর্যায়ে রাজ্যের বেশ কিছুজন মহিলার ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি ৩ হাজার টাকা করে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।
নবান্নে প্রশাসনিক বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী বলেন, প্রশাসনের বিভিন্ন স্তরের আধিকারিকদের সহযোগিতায় খুব দ্রুত এই প্রকল্প চালু করা সম্ভব হয়েছে। তিনি আশ্বাস দেন, নির্ধারিত যোগ্যতার মধ্যে থাকা সকল মহিলাই এই প্রকল্পের সুবিধা পাবেন।
মুখ্যমন্ত্রী জানান, অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য নতুন করে আবেদনপত্র জমা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। তাঁর বক্তব্য, ভোটার তালিকা সংশোধনের পর দেখা গিয়েছে বহু মানুষের নাম স্থায়ীভাবে বাদ পড়েছে, অথচ তাঁরা বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা পাচ্ছিলেন। তাই প্রকৃত উপভোক্তাদের চিহ্নিত করতেই নতুন করে নথিভুক্তিকরণের উদ্যোগ নেওয়া হয়েছে।
সরকারের দাবি, পুরো প্রক্রিয়া স্বচ্ছভাবে পরিচালিত হবে। আবেদনপত্র অনলাইন ও অফলাইন—দুই মাধ্যমেই পাওয়া যাবে। যাঁরা নিজেরা ফর্ম পূরণ করতে পারবেন না, তাঁদের বাড়িতে সরকারি প্রতিনিধিদের পাঠিয়ে সহায়তা করা হবে। আগামী তিন মাস ধরে আবেদন গ্রহণ চলবে এবং প্রতি সাত দিন অন্তর উপভোক্তাদের তালিকা পর্যালোচনা ও সংশোধন করা হবে।
এদিন মন্ত্রী অগ্নিমিত্রা পাল( Agnimitra Paul) জানান, যাঁরা ইতিমধ্যেই আবেদন করেছেন, তাঁদের অ্যাকাউন্টে সরাসরি ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে টাকা পৌঁছে যাবে। পাশাপাশি বুধবার থেকেই অনলাইনে আবেদন জমা দেওয়ার সুবিধাও চালু হয়েছে। তাঁর দাবি, আবেদনপত্র জমা দেওয়ার পাঁচ থেকে সাত দিনের মধ্যেই অনুমোদিত আবেদনকারীদের অ্যাকাউন্টে অর্থ পৌঁছে যাবে।





