Header AD
Trending

‘মা ক্যান্টিন’ এখন ‘মা আহার’, ৫ টাকায় মিলবে মাছ-ভাতও! ৫০০ নতুন কেন্দ্রের ঘোষণা

Maa Aahaar

পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদলের পর রাজ্য সরকারের অন্যতম জনপ্রিয় জনকল্যাণমূলক প্রকল্প ‘মা ক্যান্টিন’-এর (Maa Canteen) নাম পরিবর্তন করে রাখা হল ‘মা আহার’ (Maa Aahaar)। বুধবার মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি প্রকল্পটিকে আরও বিস্তৃত করার লক্ষ্যে রাজ্যজুড়ে ৫০০টি নতুন ‘মা আহার’ কেন্দ্র চালুর ঘোষণাও করেছে সরকার।

মন্ত্রিসভার বৈঠক শেষে মন্ত্রী অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul) জানান, নতুন রূপে চালু হওয়া ‘মা আহার’ প্রকল্পে সাধারণ মানুষ মাত্র ৫ টাকার বিনিময়ে পুষ্টিকর মধ্যাহ্নভোজন পাবেন। শুধু নাম বদলই নয়, খাদ্যতালিকাতেও আনা হয়েছে গুরুত্বপূর্ণ পরিবর্তন। সপ্তাহে দু’দিন মাছ, দু’দিন ডিম এবং বাকি তিনদিন নিরামিষ খাবার পরিবেশন করা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নতুনBJP সরকার আগেই জানিয়েছিল, পূর্ববর্তী সরকারের জনমুখী সামাজিক প্রকল্পগুলি বন্ধ করা হবে না। বরং মানুষের সুবিধার কথা মাথায় রেখে সেগুলিকে আরও সম্প্রসারিত করা হবে। সেই প্রতিশ্রুতির অংশ হিসেবেই ‘মা ক্যান্টিন’ প্রকল্পকে নতুন নামে ও নতুন পরিসরে চালু করা হচ্ছে বলে মনে করা হচ্ছে।

উল্লেখ্য, ২০২১ সালে TMC সরকারের আমলে দরিদ্র ও নিম্নআয়ের মানুষের জন্য ‘মা ক্যান্টিন’ প্রকল্প শুরু হয়েছিল। সেখানে মাত্র ৫ টাকার বিনিময়ে ভাত, ডাল, সবজি ও ডিম দেওয়া হতো। সম্প্রতি রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ (Dilip Ghosh)জানিয়েছিলেন, ভবিষ্যতে এই প্রকল্পে মাছ-ভাতও অন্তর্ভুক্ত করা হবে। সেই ঘোষণার বাস্তবায়ন ঘটিয়ে এবার ‘মা আহার’-এর সাপ্তাহিক খাদ্যতালিকায় মাছের সংযোজন করা হল।

সরকারের আশা, নতুন এই উদ্যোগের মাধ্যমে রাজ্যের আরও বেশি সংখ্যক মানুষ স্বল্প খরচে পুষ্টিকর খাবারের সুবিধা পাবেন।