বিধানসভার স্বাক্ষর-বিতর্কে সিআইডির তলবের মধ্যেই এবার নতুন করে চাপে পড়লেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য সমন পাঠিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।
বুধবার বিকেলে ইডির (Enforcement Directorate) দুই আধিকারিক প্রথমে ‘শান্তিনিকেতন’-এ গিয়ে অভিষেকের খোঁজ করেন। সেখানে তিনি উপস্থিত না থাকায় তদন্তকারীরা পরে কালীঘাটের বাসভবনে পৌঁছন। তবে সেই সময়ও তিনি বাড়িতে ছিলেন না; প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) ডাকা বৈঠকে যোগ দিতে গিয়েছিলেন। ফলে কিছুক্ষণ অপেক্ষার পর তাঁর পরিবারের এক সদস্যের হাতে সমন তুলে দেন ইডি আধিকারিকরা।
সূত্রের খবর, আগামী ১৫ জুন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তদন্তে সম্প্রতি উঠে আসা কিছু নতুন তথ্যের ভিত্তিতে তাঁকে জেরা করতে চায় কেন্দ্রীয় সংস্থা। সেই কারণেই এই নোটিশ পাঠানো হয়েছে বলে ইডি সূত্রে জানা গিয়েছে।
উল্লেখ্য, নিয়োগ দুর্নীতি মামলার তদন্ত চলাকালীন অভিষেকের নাম এর আগেও উঠে এসেছিল। মামলায় গ্রেপ্তার হওয়া ‘কালীঘাটের কাকু’ নামে পরিচিত সুজয়কৃষ্ণ ভদ্র (Sujay Krishna Bhadra) একসময় অভিষেকের সংস্থা ‘লিপস অ্যান্ড বাউন্ডস’ এর অন্যতম পরিচালক ছিলেন। সেই সূত্র ধরেই অতীতে ওই সংস্থার অফিসে তল্লাশি চালায় ইডি। এছাড়া একই মামলায় এর আগে সিবিআইয়ের জেরার মুখোমুখিও হতে হয়েছিল অভিষেককে।
তবে সমস্ত অভিযোগ বরাবরই অস্বীকার করে এসেছেন তিনি। তাঁর দাবি, নিয়োগ দুর্নীতির সঙ্গে কোনওভাবেই তাঁর যোগ নেই। অন্যদিকে, বিধানসভার স্বাক্ষর সংক্রান্ত বিতর্কে আগামী সোমবার সিআইডির সামনে হাজির হওয়ার নির্দেশও ইতিমধ্যেই পেয়েছেন তিনি। ফলে পরপর দুই তদন্তকারী সংস্থার তলবকে ঘিরে রাজনৈতিক মহলে নতুন করে জল্পনা শুরু হয়েছে।





