রাজ্যে সরকা্র পরিবর্তনের পর কলকাতার জলপরিবহণ ব্যবস্থায় বড়সড় পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তাঁর ঘোষণা অনুযায়ী, শীঘ্রই কলকাতায় চালু হতে চলেছে আধুনিক ওয়াটার মেট্রো পরিষেবা। দেশের ১৭টি শহরে এই পরিষেবা চালু থাকার পর কলকাতা হতে পারে এর পরবর্তী গন্তব্য।মুখ্যমন্ত্রীর বক্তব্য অনুযায়ী, নদীভিত্তিক গণপরিবহণ ব্যবস্থাকে আরও আধুনিক ও গতিশীল করতে এই উদ্যোগ নেওয়া হচ্ছে।
হুগলি নদীকে কেন্দ্র করে কলকাতা ও হাওড়ার মধ্যে প্রতিদিন বিপুল সংখ্যক মানুষ যাতায়াত করেন। ফলে জলপথে দ্রুত, নিরাপদ ও পরিবেশবান্ধব পরিবহণ ব্যবস্থা চালু হলে সাধারণ যাত্রীদের যাতায়াত অনেকটাই সহজ হবে বলে মনে করা হচ্ছে।
ওয়াটার মেট্রো মূলত আধুনিক প্রযুক্তিনির্ভর নৌযান পরিষেবা, যা মেট্রোর মতোই নির্দিষ্ট সময়সূচি মেনে চলাচল করবে। দ্রুত গন্তব্যে পৌঁছনোর পাশাপাশি এটি পরিবেশবান্ধব হওয়ায় দূষণও কমাবে। ভাড়া সাধারণ মানুষের সাধ্যের মধ্যেই রাখা হবে বলে আশা করা হচ্ছে। একই সঙ্গে শহরের পর্যটন শিল্পেও নতুন মাত্রা যোগ করতে পারে এই পরিষেবা।
বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী আরও জানান, কেন্দ্রীয় সরকারের গুরুত্বপূর্ণ বন্দর ও জলপথ উন্নয়ন প্রকল্প সাগরমালা-র দ্বিতীয় পর্যায়ে যুক্ত হতে চলেছে পশ্চিমবঙ্গ। তাঁর দাবি, পূর্ববর্তী সরকারের অনীহার কারণে রাজ্য সাগরমালা-১ প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হয়েছিল। তবে এবার সাগরমালা-২-এর আওতায় রাজ্যে প্রায় ২২ হাজার ৭০০ কোটি টাকার বিভিন্ন অবকাঠামো প্রকল্প বাস্তবায়নের সম্ভাবনা তৈরি হয়েছে।
শিপিং, লজিস্টিকস এবং আমদানি-রপ্তানি খাতের উন্নয়নে এই প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করা হচ্ছে। এর ফলে কর্মসংস্থান বৃদ্ধি, বন্দর উন্নয়ন এবং শিল্প বিনিয়োগের নতুন সুযোগ তৈরি হবে বলেও আশাবাদী রাজ্য সরকার।





