Header AD
Trending

‘মমতারদির সঙ্গে আছি, কিন্তু একই ভুলের পুনরাবৃত্তিতে নেই!’ দলের উদ্দেশে কড়া বার্তা কুণালের

kunal 2

তৃণমূল কংগ্রেসের প্রতীক ও মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) নামকে সম্বল করে নির্বাচনে জয়ের পর যেসব বিধায়ক ও সাংসদ পরবর্তীতে দলের বিরোধিতার পথে হেঁটেছেন, তাঁদের বিরুদ্ধে অতীতেও সরব হয়েছেন তৃণমূলের রাজ্য মুখপাত্র তথা বিধায়ক কুণাল ঘোষ (Kunal Ghosh)। দলত্যাগ কিংবা রাজনৈতিক অবস্থান বদলকে তিনি বারবার ‘বিশ্বাসঘাতকতা’ বলেই আখ্যা দিয়েছেন।তবে এবার তিনি আরও একটি গুরুত্বপূর্ণ বার্তা দিলেন। দলের প্রতি আনুগত্য বজায় রেখেও যে সবকিছু নিঃশর্তভাবে মেনে নেওয়া সম্ভব নয়, সেই অবস্থানই স্পষ্ট করলেন কুণাল।

সোশ্যাল মিডিয়ায় দেওয়া এক বার্তায় তিনি বলেন, ‘মমতাদির সঙ্গে আছি। কিন্তু বারবার একই ভুলের সঙ্গে নেই। বিশ্বাসঘাতকতাতেও নেই।কান, চোখ, মস্তিষ্ক, হৃদয় ও মুখের পূর্ণ ব্যবহার চলবে।’ আরও লেখেন, তিনি তৃণমূল কংগ্রেসের একজন নির্বাচিত বিধায়ক এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বেই মানুষের ভোটে জয়ী হয়েছেন। তাই নির্বাচনের অল্প সময়ের মধ্যেই ব্যক্তিস্বার্থে বা বিজেপির মদতে যারা দলের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন, তাঁদের তিনি সমর্থন করেন না এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশেই রয়েছেন।

তবে একইসঙ্গে কুণাল ঘোষ সতর্ক করে দিয়েছেন, দলের ভেতরে যদি ভুলত্রুটি চিহ্নিত হওয়ার পরও তার সংশোধন না হয় এবং একই ধরনের সমস্যা চলতে থাকে, তাহলে তিনি সেগুলি উপেক্ষা করে নীরব থাকতে পারবেন না। তাঁর দাবি, রাজ্যের বিভিন্ন জেলা থেকে বহু ছাত্র ও যুব নেতা তাঁর সঙ্গে যোগাযোগ করছেন এবং নানা বিষয় তুলে ধরছেন। তিনি তাঁদের কথা শুনছেন এবং ভবিষ্যতেও শুনবেন। তাঁদের সঙ্গে আলোচনায় বসারও ইঙ্গিত দিয়েছেন তিনি।

সবশেষে কুণাল ঘোষের স্পষ্ট বার্তা, তাঁর রাজনৈতিক অবস্থান মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই রয়েছে। কিন্তু দলের মধ্যে ভুলের পুনরাবৃত্তি বা কোনও ধরনের বিশ্বাসঘাতকতাকে তিনি সমর্থন করবেন না। পরিস্থিতির উপর নজর রাখা এবং প্রয়োজন হলে নিজের মত প্রকাশ করা— এই অবস্থান থেকেই তিনি এগোবেন বলে জানিয়েছেন।