সাতসকালে আলিপুরের সরকারি অফিসে ভয়াবহ অগ্নিকাণ্ড! বুধবার সকাল সাতটা নাগাদ আলিপুরে দক্ষিণ ২৪ পরগনার জেলা পরিষদ ভবনের তিন তলায় আগুন লাগে। মুহূর্তের মধ্যে কালো ধোঁয়ায় ঢেকে যায় চারপাশ। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র আতঙ্ক ও চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ৩টি ইঞ্জিন। তবে আগুনের তীব্রতা বেশি থাকায় পরবর্তীতে আরও ৭টি ইঞ্জিন আনা হয়। মোট ১০টি ইঞ্জিন যুদ্ধকালীন তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়। তবে আট ঘণ্টা কেটে গেলেও এখনও আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি বলেই খবর।
ইতিমধ্যেই অফিসের ভেতরের ধোঁয়া বের করার জন্য ভবনের জানলার কাচ ভাঙা হয়েছে। আট ঘণ্টারও বেশি সময় কেটে গেলেও আগুন এখনও সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসেনি। ভেতরে কেউ আটকে আছেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। সরকারি নথিপত্রের ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। জানা গিয়েছে, ওই এলাকায় দক্ষিন চব্বিশ পরগণার একাধিক অফিস আছে।বঙ্গ রাজনীতির চর্চিত নাম জাহাঙ্গির খানের অফিসও ছিল সেখানে। বুধবার সকালে প্রথমে স্থানীয়রা চারতলায় থেকে আগুন দেখতে পান। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় দমকলে। দ্রুত গতিতে ছড়াতে থাকে লেলিহান শিখা। ক্রমে ৭ তলা পর্যন্ত পৌঁছে যায় আগুন। কালো ধোঁয়ায় ছেয়ে যায় এলাকা। ভেঙে পড়ে চাঙড়। সরকারি দপ্তরে কর্মীরা সাড়ে দশটার মধ্যে পৌঁছে যান। অগ্নিকাণ্ডের কারণে স্বাভাবিকভাবেই কর্মীদের ঢুকতে দেওয়া হয়নি।
আগুন লাগার কারণ এখনও স্পষ্ট নয়।প্রাথমিকভাবে জানা যাচ্ছে, এসি অথবা শর্ট সার্কিটের জেরে এই পরিণতি। তবে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত অগ্নিকাণ্ডের সঠিক কারণ বলা সম্ভব নয় বলেই জানিয়েছেন আধিকারিকরা।





