Header AD
Trending

উসকানিমূলক মন্তব্যের জের! মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে হেয়ার স্ট্রিট থানায় FIR

mamata

রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বিরুদ্ধে ধর্মীয় উসকানিমূলক মন্তব্যের অভিযোগে নতুন করে মামলা দায়ের হয়েছে। অভিযোগের ভিত্তিতে কলকাতার হেয়ার স্ট্রিট থানায় এফআইআর নথিভুক্ত করা হয়েছে। এর ফলে সাম্প্রতিক সময়ে তাঁকে ঘিরে তৈরি হওয়া রাজনৈতিক ও আইনি বিতর্ক আরও তীব্র হয়েছে।

বিধানসভা নির্বাচনকে সামনে রেখে এক জনসভায় বক্তব্য রাখতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এমন কিছু মন্তব্য করেন, যা নিয়ে বিরোধী মহল ও বিভিন্ন স্তরে ব্যাপক সমালোচনা শুরু হয়। তাঁর বক্তব্যকে কেন্দ্র করে অভিযোগ ওঠে যে, তিনি একটি নির্দিষ্ট সম্প্রদায়কে উদ্দেশ্য করে উসকানিমূলক ভাষা ব্যবহার করেছেন। সমালোচকদের দাবি, একজন শীর্ষ রাজনৈতিক নেতার কাছ থেকে এ ধরনের মন্তব্য প্রত্যাশিত নয় এবং তা সামাজিক সম্প্রীতির পক্ষে ক্ষতিকর হতে পারে।

এই ঘটনার পর এক ব্যবসায়ী তাঁর বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে ভারতীয় ন্যায় সংহিতার (BNS) ১৯৬(১), ৩৫১(২) এবং ৩৫২ ধারায় মামলা রুজু হয়েছে।

কিন্তু কী এমন বলেছিলেন তিনি? নির্বাচনী প্রচারে এক জনসভায় তিনি বলেন, “আমরা আছি বলে আপনারা সবাই ভালো আছেন। যদি আমরা না থাকি তখন এক সেকেন্ড লাগবে! একটা কমিউনিটি যখন জোট বাঁধে না, তখন ঘিরে ফেললে ১ সেকেন্ডে দেবে একদম ১২টা বাজিয়ে দেবে। যদি নিজেদের ১৩টা বাজাতে না চান তাহলে বিজেপির অপ্রচারে ভুল বুঝবেন না।” তাঁর এই মন্তব্যে নানা মহলে ওঠে সমালোচনার ঝড়।

অন্যদিকে, সম্প্রতি কলকাতার রানি রাসমণি অ্যাভিনিউ (Rani Rashmoni Avenue)-এ আয়োজিত এক সভায় বাংলাদেশে ওসমান হাদি হত্যাকাণ্ড প্রসঙ্গে নাম না করে করা তাঁর মন্তব্য নিয়েও নতুন বিতর্কের সূত্রপাত হয়। ওই বক্তব্যের জেরে শিলিগুড়ি-সহ রাজ্যের একাধিক থানায় পৃথক অভিযোগ জমা পড়েছে বলে জানা যায়।

পরপর একাধিক বিতর্ক এবং এফআইআরের ঘটনায় রাজনৈতিকভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর চাপ বাড়ছে বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। তবে এই অভিযোগগুলির বিষয়ে তাঁর বা তাঁর দলের তরফে এখনও কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া সামনে আসেনি।