পুর নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে ফের সক্রিয় হল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। শনিবার সকালে কলকাতা ও সংলগ্ন এলাকার মোট আটটি জায়গায় একযোগে তল্লাশি অভিযান চালান তদন্তকারীরা। এই অভিযানের কেন্দ্রবিন্দুতে রয়েছেন কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র (Madan Mitra)। তাঁর ভবানীপুর, জোকা, বেলঘড়িয়া এবং দক্ষিণেশ্বরের একাধিক ঠিকানায় সকাল থেকেই চলছে ইডির তল্লাশি অভিযান।
সূত্রের খবর, গ্রেপ্তার হওয়া ব্যবসায়ী অয়ন শীল (Ayan Shil)-এর কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতেই এই অভিযান চালানো হচ্ছে। ইডি দাবি করেছে, তল্লাশি চলাকালীন মদন মিত্রের বাড়ি থেকে একাধিক গুরুত্বপূর্ণ নথি এবং অন্তত ছয়টি ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য উদ্ধার হয়েছে।
জানা গিয়েছে, বর্তমানে ভবানীপুরের ফ্ল্যাটে পরিবারের সঙ্গে রয়েছেন বিধায়ক।শনিবার সকাল ছ’টা থেকেই সেখানে তল্লাশি শুরু হয়। কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তায় গোটা এলাকা ঘিরে ফেলে তদন্তকারী সংস্থা। একইসঙ্গে বেলেঘাটা, সন্তোষপুরের একটি ক্লাব এবং বেহালার একটি ঠিকানাতেও অভিযান চালানো হয়েছে।
প্রসঙ্গত, পুর নিয়োগ দুর্নীতি মামলায় ২০২৩ সালের ২০ মার্চ অয়ন শীল গ্রেপ্তার হয়। অভিযোগ, তাঁর সংস্থার মাধ্যমে রাজ্যের সাতটি পুরসভায় বিভিন্ন পদে নিয়োগ প্রক্রিয়া পরিচালিত হত। গ্রুপ-ডি কর্মী, টাইপিস্ট-সহ একাধিক পদে নিয়োগে ওএমআর শিট ছাপানো থেকে ইন্টারভিউয়ের আয়োজন—সবকিছুর দায়িত্বে ছিল ওই সংস্থা। তদন্তকারীদের দাবি, এই নিয়োগ প্রক্রিয়ায় বিপুল আর্থিক অনিয়ম ও দুর্নীতি হয়েছে। অভিযুক্ত পুরসভাগুলির মধ্যে কামারহাটি পুরসভাও রয়েছে।
ইডি সূত্রে জানা গিয়েছে, কামারহাটি পুরসভার নিয়োগ প্রক্রিয়ায় কোনও প্রভাব বা ভূমিকা ছিল কি না, তা খতিয়ে দেখতেই মদন মিত্রের বাড়িতে এই অভিযান। এর আগেও এই মামলার তদন্তে কামারহাটি পুরসভার এক আধিকারিকের বাড়িতে তল্লাশি চালানো হয়েছিল।





