Header AD
Trending

তৃণমূলে সাংগঠনিক রদবদল! বিজেপির বিরুদ্ধে লড়াই জারি রাখার বার্তা মমতার

mamata 1

শনিবার তৃণমূল কংগ্রেসের জাতীয় কর্মসমিতির বৈঠকে দলীয় নেতৃত্বকে স্পষ্ট বার্তা দিলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তাঁর বক্তব্য, রাজনৈতিক লড়াই থেমে নেই, ভবিষ্যতেও থামবে না। কেন্দ্রের বিজেপি সরকারের নীতির পাশাপাশি বিভিন্ন জনস্বার্থবিরোধী সিদ্ধান্তের বিরুদ্ধে মানুষের পাশে থেকে আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি।পাশাপাশি দলে একাধিক সাংগঠনিক রদবদল করেছেন তৃণমূল নেত্রী।

বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, সাধারণ মানুষের জীবন-জীবিকা আজ নানা সংকটের মুখে। নারী নির্যাতনের ঘটনা, পুনর্বাসন ছাড়া হকার উচ্ছেদ এবং সাম্প্রতিক একাধিক সরকারি সিদ্ধান্তে মানুষের অসন্তোষ বাড়ছে। এই পরিস্থিতিতে বিজেপির তথাকথিত ‘ডবল ইঞ্জিন’ সরকারের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস আরও জোরালোভাবে লড়াই করবে বলে তিনি জানান। তাঁর কথায়, কে দলের সঙ্গে থাকল বা না থাকল, সেটাই মুখ্য নয়; মানুষের সমর্থন নিয়েই এই রাজনৈতিক সংগ্রাম এগিয়ে নিয়ে যাবে তৃণমূল।

বৈঠকে দলের সাংগঠনিক কাঠামোয় বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পরিবর্তনের সিদ্ধান্তও গৃহীত হয়েছে। প্রবীণ সাংসদ সৌগত রায় (Saugata Roy) এবং জ্যোতিপ্রিয় মল্লিক (Jyotipriya Mallick)-কে জাতীয় কর্মসমিতিতে রাখা হয়েছে। পাশাপাশি লোকসভায় দলের সংসদীয় কার্যক্রমে বিশেষ উপদেষ্টার দায়িত্বও দেওয়া হয়েছে সৌগত রায়কে।

উত্তর কলকাতা জেলা তৃণমূলের সভাপতি হিসেবে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে দায়িত্ব দেওয়া হয়েছে কুণাল ঘোষকে (Kunal Ghosh)। সংখ্যালঘু সেলের নতুন সভাপতি হয়েছেন ইটাহারের বিধায়ক মোশারফ হোসেন (Mosaraf Hossain)। দলের বিভিন্ন শাখা সংগঠন এবং জেলা সভাপতিদের পূর্ণাঙ্গ তালিকা শীঘ্রই প্রকাশ করা হবে বলে জানানো হয়েছে।সায়নী ঘোষের বদলে

যুব সংগঠনের দায়িত্বে আনা হয়েছে অভিনেতা অর্নব বন্দ্যোপাধ্যায় (Arnab Banerjee)-কে। তাঁর সঙ্গে মৃত্যুঞ্জয় পাল, তীর্থঙ্কর ঘোষ-সহ পাঁচ সদস্যের একটি অস্থায়ী কোর কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি আলোচনা করে যুব সংগঠনের রাজ্য ও জেলা স্তরের পূর্ণাঙ্গ কমিটি তৈরি করবে।অন্যদিকে, তৃণমূল ছাত্র পরিষদের নেতৃত্বের দায়িত্ব আগেই দেওয়া হয়েছে প্রিয়াঙ্কা অধিকারী (Priyanka Adhikari)-কে। নতুন করে উপদেষ্টা হিসেবে যুক্ত হয়েছেন জয়া দত্ত (Jaya Dutta)।

এদিনের বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি উপস্থিত ছিলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee), সৌগত রায়, চন্দ্রিমা ভট্টাচার্য (Chandrima Bhattacharya), শোভনদেব চট্টোপাধ্যায় (Shobhandeb Chattopadhyay),ডেরেক ও ব্রায়ান (Derek O’Brien), কুণাল ঘোষ-সহ দলের শীর্ষ নেতৃত্ব। বৈঠক থেকে সাংগঠনিক পুনর্গঠনের পাশাপাশি বিজেপি-বিরোধী রাজনৈতিক লড়াইকে আরও তীব্র করার বার্তাই স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে। তবে দলের বর্তমান অবস্থা বৈঠকের মাঝে অভিষেক আর কুণাল বাক বিতণ্ডায় জড়ান বলেও খবর। সূত্রের খবর, মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।