Header AD
Trending

শহরজুড়ে বিশেষ পরিচ্ছন্নতা অভিযানের সূচনায় সোমবার কলকাতা পুরসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

suvendu tata

বিশ্ব যোগ দিবসকে সামনে রেখে কলকাতা শহরকে আরও পরিচ্ছন্ন ও সুশৃঙ্খল করে তুলতে বিশেষ উদ্যোগ নিতে চলেছে কলকাতা পুরসভা। ‘স্বচ্ছতাকে স্বাগত’ নামে ছয়দিনব্যাপী এক বিশেষ সাফাই অভিযানের সূচনা করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shubhendu Adhikari)। আগামী সোমবার কলকাতা পুরসভা ভবনে আয়োজিত এক সরকারি অনুষ্ঠানের মাধ্যমে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন হবে।মুখ্যমন্ত্রী পদে আসীন হওয়ার পর এই প্রথম তিনি কলকাতা পুরসভার কোনও সরকারি অনুষ্ঠানে যোগ দিতে চলেছেন।

সম্প্রতি প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim) পদত্যাগ করার পর বর্তমানে প্রশাসকের নেতৃত্বে পুরসভার কাজকর্ম পরিচালিত হচ্ছে। এই পরিবর্তনের পর নাগরিক পরিষেবা ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে যে নতুন গতি এসেছে, সেই বিষয়েও সরকারের অবস্থান তুলে ধরতে পারেন মুখ্যমন্ত্রী।

মুখ্যমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে পুর প্রশাসনের পাশাপাশি রাজনৈতিক মহলেও তৎপরতা বেড়েছে। বিজেপি কাউন্সিলর ও বিধায়ক সজল ঘোষের নেতৃত্বে দলের পুর প্রতিনিধিরাও তাঁকে স্বাগত জানানোর প্রস্তুতি শুরু করেছেন। পুরসভা সূত্রে জানা গিয়েছে, সাম্প্রতিক সময়ে কোনও মুখ্যমন্ত্রী কলকাতা পুরভবনে সরকারি কর্মসূচিতে অংশ নেননি। ফলে এই সফর বিশেষ তাৎপর্য বহন করছে।

অন্যদিকে, আগামী ২১ জুন বিশ্ব যোগ দিবস উপলক্ষে কলকাতায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। শহরের রেড রোডে আয়োজিত মূল অনুষ্ঠানে তাঁর অংশগ্রহণের কথা রয়েছে। সেই কর্মসূচিকে সামনে রেখেই শহরজুড়ে পরিচ্ছন্নতা অভিযান চালানোর সিদ্ধান্ত নিয়েছে পুরসভা।

১৫ জুন থেকে শুরু হয়ে ২০ জুন পর্যন্ত চলবে ‘স্বচ্ছতাকে স্বাগত’ অভিযান। কলকাতার ১৪৪টি ওয়ার্ডে ধারাবাহিকভাবে বিশেষ সাফাই কর্মসূচি পরিচালিত হবে, যাতে যোগ দিবসের আগে গোটা শহরকে আরও পরিষ্কার ও সুন্দর করে তোলা যায়।

উল্লেখ্য, পরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে সচেতনতা বাড়াতে রাজ্যের পুর ও নগরোন্নয়ন দপ্তরের তরফে সম্প্রতি একটি বিশেষ মোবাইল অ্যাপও চালু করা হয়েছে, যার মাধ্যমে নাগরিকরা সরাসরি বিভিন্ন পরিষেবা ও অভিযোগ সংক্রান্ত তথ্য জানাতে পারবেন।