ভবানীপুর বিধানসভা কেন্দ্রের নির্বাচনী ফলাফলকে চ্যালেঞ্জ করে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হলেন তৃণমূল কংগ্রেস নেত্রী ও প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মঙ্গলবার আচমকাই হাই কোর্টে উপস্থিত হয়ে তিনি ভবানীপুর কেন্দ্রের ভোটের ফল নিয়ে একটি নির্বাচন মামলা (ইলেকশন পিটিশন) সংক্রান্ত হলফনামা দাখিল করেন। আদালত সূত্রে জানা গিয়েছে, নিজের কেন্দ্রের ফলাফল নিয়ে আনুষ্ঠানিকভাবে আইনি লড়াই শুরু করছেন তিনি।

২০২৬ সালের বিধানসভা নির্বাচনে ভবানীপুর কেন্দ্রে বিজেপি নেতা ও বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)-র কাছে প্রায় ১৫ হাজারেরও বেশি ভোটে পরাজিত হন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই ফলাফলকেই এবার আদালতে চ্যালেঞ্জ জানালেন তিনি। আদালতে যাওয়ার সময় তাঁর সঙ্গে ছিলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ (Kunal Ghosh) এবং সাংসদ দোলা সেন (Dola Sen)।
তবে এটিই প্রথম নয়। এর আগে ২০২১ সালের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম কেন্দ্রে শুভেন্দু অধিকারীর কাছে পরাজিত হওয়ার পরও ভোটের ফলাফল নিয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মামলার শুনানি এখনও বিচারাধীন রয়েছে। ফলে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে নির্বাচনী ফলকে চ্যালেঞ্জ করে দ্বিতীয়বার আইনি পথে হাঁটলেন তিনি।
রাজনৈতিক মহলে এই পদক্ষেপকে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। পরপর দু’টি গুরুত্বপূর্ণ নির্বাচনে একই প্রতিদ্বন্দ্বীর কাছে পরাজয়ের পরও মমতা বন্দ্যোপাধ্যায় ফলাফল নিয়ে আপত্তি জানিয়ে আদালতের শরণাপন্ন হয়েছেন। তৃণমূলের অভিযোগ, নির্বাচনী প্রক্রিয়ায় অনিয়ম ও কারচুপির সম্ভাবনা রয়েছে, আর সেই কারণেই আইনি লড়াইয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
উল্লেখ্য, গত ১৪ মে-ও কলকাতা হাই কোর্টে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সে সময় ভোট-পরবর্তী হিংসা সংক্রান্ত একটি মামলায় সওয়াল করতে গিয়ে আদালত চত্বরে আইনজীবীদের একাংশের বিক্ষোভের মুখে পড়তে হয়েছিল তাঁকে। সেই ঘটনার প্রায় এক মাস পর ফের হাই কোর্টে এসে ভবানীপুরের ভোটফল সংক্রান্ত আইনি প্রক্রিয়া সম্পন্ন করেন তিনি। আদালতের আনুষ্ঠানিক কাজ শেষ করে এদিন তিনি দ্রুত কোর্ট চত্বর ত্যাগ করেন।





