১২তম আন্তর্জাতিক যোগ দিবসকে সামনে রেখে রাজ্যজুড়ে তিন দিনব্যাপী বিশেষ কর্মসূচির ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বৃহস্পতিবার নবান্নে সাংবাদিক বৈঠকে তিনি জানান, ১৯ থেকে ২১ জুন পর্যন্ত একাধিক আয়োজনের মাধ্যমে যোগ দিবস উদযাপন করা হবে।
এই কর্মসূচির সূচনা হবে ১৯ জুন ‘রান ফর যোগা’ ম্যারাথনের মাধ্যমে। কলকাতার ১১টি গুরুত্বপূর্ণ এলাকা ছাড়াও রাজ্যের বিভিন্ন প্রান্তে এই ম্যারাথনের আয়োজন করা হবে।
কলকাতায় মূল কর্মসূচি শুরু হবে কলকাতা কর্পোরেশনের সামনে থেকে এবং শেষ হবে রাইটার্স বিল্ডিংয়ে। শুক্রবার সকাল ৬:৩০-এ অংশগ্রহণকারীরা সমবেত হবেন, আর সকাল ৭টা থেকে আনুষ্ঠানিকভাবে ম্যারাথন শুরু হবে।
২০ জুন, শনিবার গঙ্গাবক্ষে আয়োজন করা হয়েছে একটি বিশেষ অনুষ্ঠান, যার নাম রাখা হয়েছে ‘বন্দে যোগম’। এই অনুষ্ঠানেও বিপুল সংখ্যক মানুষের অংশগ্রহণের আশা করা হচ্ছে।
২১ জুন, রবিবার আন্তর্জাতিক যোগ দিবসের মূল অনুষ্ঠান অনুষ্ঠিত হবে কলকাতার রেড রোডে (Red Road)-এ। সেখানে উপস্থিত থাকবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)।
প্রতি বছর কেন্দ্রীয় উদ্যোগে দেশজুড়ে যোগ দিবস উদযাপিত হলেও, এ বছর বাংলায় বিশেষ গুরুত্ব দিয়ে উদযাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে। ইতিমধ্যেই জোরকদমে শুরু হয়েছে প্রস্তুতি। মুখ্যমন্ত্রী সকলকে স্বাস্থ্যবিধি মেনে এই কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন।





