Header AD
Trending

পশ্চিমবঙ্গ দিবসে ‘নতুন, সুরক্ষিত ও সমৃদ্ধশালী বাংলা’ গড়ার ডাক মুখ্যমন্ত্রীর

suvendu falta

রাজ্যে পালাবদলের পর বিজেপির উদ্যোগে আজ ২০ জুন রাজ্য জুড়ে বিভিন্ন প্রান্তে প্রথমবার পালিত হচ্ছে ‘পশ্চিমবঙ্গ দিবস’ (West Bengal Day। এই বিশেষ দিনটিকে মনে করে শনিবার সকালে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বাংলার ঐতিহ্যের কথা স্মরণ করিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। তারপরই সমাজমাধ্যমে বিশেষ বার্তা দিলেন বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari)।

নিজের পোস্টে তিনি পূর্বতন সরকারকে নিশানা করে লেখেন, ‘আমাদের ইতিহাসকে মুছে ফেলার যে ঘৃণ্য চক্রান্ত হয়েছিল, আজ তার অবসান ঘটেছে। অবসান ঘটেছে ভোটব্যাঙ্ক ও তোষণের রাজনীতির এক অন্ধকারময় অধ্যায়ের।
দুর্ভাগ্যজনকভাবে, বিগত সরকার শুধুমাত্র নিজস্ব ভোটব্যাঙ্ক রক্ষা এবং নির্লজ্জ তোষণের রাজনীতি চরিতার্থ করার জন্য এই পবিত্র দিনটির গুরুত্বকে সম্পূর্ণ ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিল। ইতিহাসের পাতা থেকে বাঙালির এই আত্মপরিচয়ের লড়াইকে মুছে ফেলার অপচেষ্টা করা হয়, যাতে মানুষ নিজের শিকড় এবং পশ্চিমবঙ্গ সৃষ্টির নেপথ্যের প্রকৃত নায়কদের ভুলে যান। কিন্তু সত্যকে কখনও চিরতরে চেপে রাখা যায় না। আমাদের সরকার সেই ঐতিহাসিক ভুলকে সংশোধন করে আজ বাংলার প্রকৃত ইতিহাসকে স্বমহিমায় প্রতিষ্ঠিত করেছে।’

মুখ্যমন্ত্রী এদিনের পোস্টে আরও লেখেন, ‘ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের প্রতি বাঙালি চিরঋণী। আজকের এই বিশেষ দিনে আমরা আমাদের মহান রাষ্ট্রনায়ককে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করব, যাঁর দূরদর্শিতা না থাকলে আজ ভারতের মানচিত্রে পশ্চিমবঙ্গ নামক কোনও রাজ্যের অস্তিত্বই থাকত না।’ দীর্ঘ পোস্টে বাংলার মানুষকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন রাজ্যের প্রশাসনিক প্রধান। পাশাপাশি সমৃদ্ধশালী বাংলা গড়ে তোলার বার্তাও দিয়েছেন তিনি। এপ্রসঙ্গে তিনি লিখেছেন, ‘অখণ্ড বাংলাকে যখন সম্পূর্ণভাবে পাকিস্তানের অন্তর্ভুক্ত করার এক ভয়ঙ্কর নীলনকশা তৈরি হয়েছিল, তখন তার বিরুদ্ধে বজ্রকঠিন প্রাচীর হয়ে দাঁড়িয়েছিলেন ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। তাঁর অবিচল নেতৃত্ব, অদম্য আন্দোলন এবং দূরদর্শী ভাবনার ফলেই পাকিস্তানের করাল গ্রাস থেকে মুক্ত করে ভারতের অবিচ্ছেদ্য অংশ হিসেবে ‘পশ্চিমবঙ্গ’ রাজ্যটি গঠন করা সম্ভব হয়েছিল।
ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, ভারত সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠাতা স্বামী প্রণবানন্দ মহারাজ এবং সেই সকল বিশিষ্ট ব্যক্তিত্ব ও তৎকালীন পশ্চিমবঙ্গ আইনসভার সদস্যগণ, যাঁদের প্রচেষ্টা, দূরদর্শিতা ও ঐতিহাসিক সিদ্ধান্তের ফলে পশ্চিমবঙ্গ ভারতের অবিচ্ছেদ্য অংশ হিসেবে প্রতিষ্ঠিত হয়, তাঁদের সকলের কাছে আমাদের এই ঋণ অপরিশোধ্য। তাঁরা যদি সেদিন বাঙালির জন্য এই নিরাপদ আশ্রয়ভূমি গড়ে না তুলতেন, তবে আজ আমাদের সংস্কৃতি, ভাষা ও অস্তিত্ব সংকটের মুখে পড়ত।
আজ পশ্চিমবঙ্গ দিবসের এই শুভক্ষণে আমরা সবাই মিলে ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের স্বপ্ন ও আদর্শকে পাথেয় করে এক নতুন, সুরক্ষিত এবং সমৃদ্ধিশালী পশ্চিমবঙ্গ গড়ে তোলার শপথ নিই।’

প্রসঙ্গত, বিকেলে তারকেশ্বরে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে পশ্চিমবঙ্গ দিবস উদযাপনের অনুষ্ঠানের অংশ নেবেন মুখ্যমন্ত্রী।