দু’দিনের বঙ্গ সফরে আজ, শনিবার পশ্চিমবঙ্গে এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। পশ্চিমবঙ্গ দিবস উপলক্ষে প্রথমে তিনি তারকেশ্বরে এক (Tarakeswar) অনুষ্ঠানে যোগ দেন। সেখানকার কর্মসূচি শেষ করে তিনি কলকাতায় পৌঁছবেন। আগামীকাল, রবিবার কলকাতায় আন্তর্জাতিক যোগ দিবসের বিশেষ অনুষ্ঠানে অংশ নেবেন প্রধানমন্ত্রী।প্রধানমন্ত্রীর সফর, একাধিক সরকারি কর্মসূচি এবং যোগ দিবস উপলক্ষে কলকাতাজুড়ে বিশেষ ট্রাফিক নিয়ন্ত্রণের সিদ্ধান্ত নিয়েছে কলকাতা পুলিশ (Kolkata Police)।
লালবাজার সূত্রে জানা গিয়েছে, শনিবার বিকেল সাড়ে ৩টা থেকে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তায় যান চলাচলে বিধিনিষেধ কার্যকর হয়েছে।শনিবার বিকেল সাড়ে ৩টা থেকে রাত ১০টা পর্যন্ত একাধিক রাস্তায় মালবাহী গাড়ির প্রবেশ নিষিদ্ধ থাকবে। তবে জরুরি পরিষেবার আওতায় থাকা এলপিজি সিলিন্ডার, সিএনজি, পেট্রোলিয়ামজাত পণ্য, অক্সিজেন, শাকসবজি, মাছ, ফল, দুধ ও ওষুধবাহী গাড়িকে এই নিষেধাজ্ঞার বাইরে রাখা হয়েছে।
জানা গিয়েছে শনিবার রাতের জন্য প্রধানমন্ত্রী কলকাতার লোকভবনে (Lok Bhavan) রাত্রিবাস করবেন। সেই কারণে অন্যান্য মালবাহী গাড়িগুলিকে ১১ ফারলং গেট, কেপি রোড, জে অ্যান্ড এন আইল্যান্ড, ডাফরিন রোড, মেয়ো রোড, নেতাজি মূর্তি ও আরআর অ্যাভিনিউ হয়ে বিকল্প পথে ঘুরিয়ে দেওয়া হবে।
কলকাতা পুলিশের নির্দেশ অনুযায়ী, শনিবার রাত ১২টা থেকে রবিবার দুপুর ১২টা পর্যন্ত এই ট্রাফিক নিয়ন্ত্রণ বজায় থাকবে। প্রয়োজন অনুযায়ী সাধারণ যানবাহনের ক্ষেত্রেও অতিরিক্ত বিধিনিষেধ আরোপ করা হতে পারে।
এছাড়া আজ বিকেল ৫টা থেকে রবিবার দুপুর ১২টা পর্যন্ত গভর্নমেন্ট প্লেস ইস্ট ও এসপ্ল্যানেড রো ইস্ট ক্রসিং থেকে পুরনো কোর্ট হাউস স্ট্রিট হয়ে বিবাদী বাগ দক্ষিণ ক্রসিং পর্যন্ত রাস্তা সম্পূর্ণ বন্ধ থাকবে। এই সময় ওই এলাকায় কোনও ধরনের যান চলাচল অনুমোদিত হবে না।
শহরের একাধিক গুরুত্বপূর্ণ এলাকায় পার্কিং নিয়ন্ত্রণও জারি হতে পারে বলে জানা গিয়েছে। তাই যাত্রীদের আগাম রুট পরিকল্পনা করে বেরোনোর পরামর্শ দিয়েছে কলকাতা পুলিশ।





