Header AD
Trending

ফলতা থানায় হামলার ঘটনায় বড় পদক্ষেপ পুলিশের! গ্রেপ্তার ‘পুষ্পা’ জাহাঙ্গিরের স্ত্রী

jahangir wife

মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশের পর ফলতা থানায় হামলার ঘটনায় তদন্তে গতি এনেছে পুলিশ। এবার গ্রেপ্তার করা হল ফলতার কুখ্যাত ‘পুষ্পা’ জাহাঙ্গিরের স্ত্রীকে। জুলপিয়া থেকে তাকে গ্রেপ্তার করে ডায়মন্ড হারবার জেলা পুলিশ। জানা গিয়েছে, থানায় হামলার পর থেকেই তিনি এক পরিচিত ব্যক্তির বাড়িতে আত্মগোপন করে ছিলেন।এই ঘটনায় এখনও পর্যন্ত মোট ২৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গত ১৬ জুন, জাহাঙ্গিরকে ছাড়ানোর উদ্দেশ্যে তার স্ত্রীর নেতৃত্বে থানায় হামলার পরিকল্পনা করা হয় বলে অভিযোগ। শতল কলসা এলাকায় দীর্ঘক্ষণ বিক্ষোভ চলার পর জাহাঙ্গিরের অনুগামীরা ফলতা থানার দিকে এগোতে শুরু করে।

পুলিশের দাবি, তাদের কাছে আগাম খবর ছিল— ওই ভিড় থানায় হামলা চালিয়ে জাহাঙ্গির খানকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করতে পারে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী দ্রুত পদক্ষেপ করে। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করা হয়। পুলিশের তাড়া খেয়ে অনেকে পালানোর চেষ্টা করেন, এমনকি প্রাণ বাঁচাতে কয়েকজন নিকটবর্তী পুকুরেও ঝাঁপ দেন। ঘটনার সিসিটিভি ফুটেজ ইতিমধ্যেই ভাইরাল হয়েছে।

তদন্তে উঠে এসেছে, গোটা হামলার মূল নেতৃত্বে ছিলেন জাহাঙ্গিরের স্ত্রী। সেই কারণেই তার বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়। পাশাপাশি অস্ত্র আইন ও বিস্ফোরক আইনের অধীনেও নতুন মামলা দায়ের করেছে পুলিশ।

ঘটনা নিয়ে কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তিনি জানিয়েছেন, যারা পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর ওপর হামলা চালিয়েছে, তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না। ভিডিও ফুটেজে চিহ্নিত প্রত্যেক অভিযুক্তকে আইনের আওতায় আনার নির্দেশও দেওয়া হয়েছে। তিনি বলেন,“আমি পুলিশমন্ত্রী হিসেবে নির্দেশ দিচ্ছি, ভারতীয় ন্যায় সংহিতা অনুযায়ী রাষ্ট্রবিরোধী কার্যকলাপের যে ধারা আছে, সেই ধারাতে এমন শিক্ষা দিতে হবে, যাতে কোনওদিন পুলিশ, কেন্দ্রীয় বাহিনীকে আক্রমণ করার সাহস না পায়।” পাশাপাশি তিনি সতর্ক করে বলেন, প্রয়োজনে অভিযুক্তদের সম্পত্তি বাজেয়াপ্ত করে নিলামে তুলে ক্ষতিপূরণ আদায় করা হবে।

মুখ্যমন্ত্রীর কঠোর অবস্থানের পরই প্রশাসনের তৎপরতা আরও বেড়েছে, আর তারই জেরে গ্রেপ্তার হলেন জাহাঙ্গিরের স্ত্রী। ফলতা থানায় হামলার ঘটনায় আগামী দিনে আরও গ্রেপ্তারির সম্ভাবনা রয়েছে।