Header AD
Trending

তারাতলায় ভয়াবহ দুর্ঘটনা! নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে মৃত একাধিক, আহত অনেক, দুর্ঘটনাস্হলে মুখ্যমন্ত্রী

তারাতলায় ভয়াবহ দুর্ঘটনা। বুধবার দুপুরে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে নির্মীয়মাণ গোডাউনের ছাদ। ভিতরে আটকে পড়ে কমপক্ষে ৩৫-৪০ জন শ্রমিক। ইতিমধ্যেই বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। আহত একাধিক। অনেকের অবস্থাই আশঙ্কাজন। খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত পৌঁছায় পুলিশ, দমকল সেনা বাহিনী ও বিপর্যয় মোকাবিলা বাহিনী। যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধারকার্য। ইতিমধ্যেই ৯ জনকে উদ্ধার করে এসএসকেএম – এর ট্রমা কেয়ার ইউনিটে পাঠানো হয়েছে। এদিকে উদ্ধার কাজ চলাকালীনই তারাতলার দুর্ঘটনাস্থলে পৌঁছে যান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। ঘড়ির কাঁটায় পৌনে পাঁচটা নাগাদ তারাতলা যান তিনি। পৌঁছে প্রথমেই সেখানে উপস্থিত মন্ত্রী ও পুলিশ আধিকারিকদের সঙ্গে কথা বলেন। এরপর যারা উদ্ধারকাজ করছেন তাঁদের থেকে পরিস্থিতির কথা জানতে চান। নির্মাণকাজের দায়িত্বে কারা ছিলেন, কীভাবে কী ঘটেছে, এই সব সংক্রান্ত তথ্যও নেন তিনি।

ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যান বিধায়ক তথা মন্ত্রী ইন্দ্রনীল খাঁ ও অগ্নি মিত্রা পাল। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, তারাতলার ওই গোডাউনটিতে ঢালাইয়ের কাজ চলছিল। ভিতরে ছিলেন অনেক শ্রমিক। সেই সময় আচমকা হুড়মুড়িয়ে ভেঙে পড়ে নির্মীয়মান তিনতলা গোডাউনটির ছাদ। দুর্ঘটনাস্থলে আটকে পড়েন শ্রমিকরা। সঙ্গে সঙ্গে খবর যায় পুলিশে। আসে দমকল বাহিনী ও পুলিশ। নিয়ে আসা হয় ক্রেন। গ্যাস কাটার নিয়ে এসে লোহার বিমগুলো কেটে শ্রমিকদের উদ্ধার করা হচ্ছে। এখনও পর্যন্ত ৯ জনকে উদ্ধার করা হয়েছে। তাঁদের পাঠানো হচ্ছে হাসপাতালে। ঘটনাস্থলেই প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে। মন্ত্রী ইন্দ্রনীল খাঁ জানিয়েছেন, “শ্রমিকদের উদ্ধার কার্যে যা যা প্রয়োজন, সব করা হচ্ছে। জরুরি ভিত্তিতে কাজ করা হচ্ছে। সেনা নামানো হয়েছে।” একসঙ্গে কাজ করছে সেনা, পুলিশ, দমকল।এ দিকে ঘটনার পরই কন্ট্রোল রুম খুলেছে নবান্ন। ঘটনাস্থলে গিয়েছেন মন্ত্রী অগ্নিমিত্রা পালও।

প্রসঙ্গত জানা গিয়েছে, এই নির্মীয়মাণ গোডাউনটির জায়গা বন্দরের। লিজ নিয়ে এখানে এক চা ব্যবসায়ী গোডাউন তৈরি কাজ বলে করাচ্ছিলেন বলে জানা যাচ্ছে। স্থানীয়দের অভিযোগ, যাঁকে গোডাউনটি নির্মাণের কাজ দেওয়া হয়েছিল তাঁর কোনও অভিজ্ঞতা নেই। দুর্নীতি হয়েছে বলেও অভিযোগ। ঘটনার আকস্মিকতায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।