শুক্রবার মহরম উপলক্ষে কলকাতা ও সংলগ্ন এলাকায় কড়া নিরাপত্তা বলয় গড়ে তোলার নির্দেশ দিল লালবাজার। শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে পুলিশ প্রশাসন স্পষ্ট জানিয়ে দিয়েছে, এবার মহরমের শোভাযাত্রায় কোনওভাবেই অস্ত্র প্রদর্শন করা যাবে না।
একইসঙ্গে শোভাযাত্রার ক্ষেত্রে তাজিয়ার উচ্চতার ওপরও বিধিনিষেধ আরোপ করা হয়েছে। যাতে রাস্তায় বিদ্যুতের তার বা কেবল ছিঁড়ে কোনো দুর্ঘটনা না ঘটে। লালবাজারের নির্দেশ অনুযায়ী, মহরমের শোভাযাত্রায় ডিজে বাজানো সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে এবং মাইক ব্যবহারের ক্ষেত্রে হাই কোর্টের শব্দবিধি কঠোরভাবে মেনে চলতে হবে। এ বছর কোনো নতুন শোভাযাত্রার অনুমতি দেওয়া হবে না। শুধুমাত্র দীর্ঘদিনের পুরনো শোভাযাত্রা গুলোকেই নির্দিষ্ট শর্তসাপেক্ষে ছাড়পত্র দেওয়া হবে।
প্রতিটি থানার ডিসি পদমর্যাদার আধিকারিকদের আয়োজিত বৈঠকে এই নির্দেশিকা কার্যকরের রূপরেখা চূড়ান্ত করা হয়েছে। শোভাযাত্রার রুটগুলোতে পুলিশি নজরদারি বাড়ানো হয়েছে এবং সংবেদনশীল বার্তা ছড়ানো রুখতে আয়োজকদের সঙ্গে স্থানীয় থানাগুলোকে আগাম বৈঠকের নির্দেশ দেওয়া হয়েছে। শুক্রবার সারা শহরজুড়ে অতিরিক্ত পুলিশ বাহিনী মোতায়েন থাকবে।





