Header AD
Trending

তামান্না হত্যা মামলায় তদন্তে জোর, আরও ৫ গ্রেপ্তার; মোট ধৃত ১৬

tamanna

তামান্না হত্যা মামলার তদন্তে নতুন গতি এল। গত দু’দিনে টানা অভিযান চালিয়ে আরও পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর ফলে এই ঘটনায় মোট গ্রেপ্তারের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬ জনে।পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার জিয়ারুল শেখ এবং সাবির শেখকে গ্রেপ্তার করা হয়। এরপর বুধবার ধরা পড়েন ফকর শেখ ওরফে ইসমাইল শেখ, হাফিজুল শেখ এবং মিনারুল শেখ।

তদন্তকারীদের দাবি, ঘটনার সঙ্গে জড়িত আরও কয়েকজনের খোঁজে তল্লাশি চলছে। ধৃত মিনারুলকে গুরগাঁও থেকে আটক করা হয়েছে। তাঁকে ট্রানজিট রিমান্ডে পশ্চিমবঙ্গে আনার জন্য বৃহস্পতিবার স্থানীয় আদালতে আবেদন জানানো হবে।এদিকে একের পর এক গ্রেপ্তারের ঘটনায় পুলিশ প্রশাসনের ভূয়সী প্রশংসা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। সমাজমাধ্যমে তিনি জানান, রাজ্যে আইনের শাসন প্রতিষ্ঠায় সরকার অটল এবং অপরাধের ক্ষেত্রে রাজনৈতিক পরিচয় কোনও ঢাল হতে পারে না। আইন সবার জন্য সমান এবং দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি বার্তায় উল্লেখ করেন।

মুখ্যমন্ত্রী আরও জানান, নিহত কিশোরীর মা সাবিনা ইয়াসমিনের সঙ্গে সাক্ষাতের কয়েক ঘণ্টার মধ্যেই পুলিশ অভিযুক্তদের চিহ্নিত করে দ্রুত পদক্ষেপ নিয়েছে। সেই কারণে তিনি তদন্তকারী দলকে ধন্যবাদ জানান এবং আশ্বাস দেন, অপরাধীদের কোনওভাবেই রেহাই দেওয়া হবে না।

উল্লেখ্য, মঙ্গলবার বিধানসভায় তামান্না হত্যার প্রসঙ্গ তুলে মুখ্যমন্ত্রী বলেছিলেন, পরিবারের জন্য ন্যায়বিচার নিশ্চিত করা হবে। পরে তিনি তামান্নার মা সাবিনা ইয়াসমিনের সঙ্গে দেখা করে দ্রুত বিচার পাওয়ার আশ্বাস দেন। তার পর থেকেই তদন্তে তৎপরতা বাড়ে এবং শুরু হয় ধারাবাহিক গ্রেপ্তারি অভিযান।প্রসঙ্গত, বিধানসভা উপনির্বাচনের ফল ঘোষণার দিন কালীগঞ্জে বোমাবাজির ঘটনায় প্রাণ হারায় ছোট্ট তামান্না। ঘটনার এক বছর পেরিয়ে গেলেও মেয়ের মৃত্যুর বিচার চেয়ে লড়াই চালিয়ে যাচ্ছেন তাঁর মা। সাম্প্রতিক গ্রেপ্তারিগুলির পর পরিবারের আশা, অবশেষে বিচারপ্রক্রিয়া সঠিক পথে এগোবে।