Header AD
Trending

বারুইপুরে গণধর্ষণ, খুনের ঘটনায় ৭২ ঘণ্টা্য় পুলিশের ভূমিকা নিয়ে রিপোর্ট দিতে ডিজি-কে নির্দেশ মুখ্যমন্ত্রীর

suvendu darbar

বারুইপুরের ধর্ষণ-খুনের ঘটনায় পুলিশ-প্রশাসনের কোনও শিথিলতা সহ্য করা হবে না।মঙ্গলবার এসপি অফিসে পুলিশ আধিকারিকদের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠকের পর জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর স্পষ্ট বার্তা, ‘‘আমাদের লোকের যদি ওই সময়ের মধ্যে কোনও শিথিলতা থাকে এক শতাংশও, তবে কড়া পদক্ষেপ করা হবে।’’ কী কী ঘটেছে, তদন্তের গতিপ্রকৃতি, পুলিশের ভূমিকা নিয়ে ডিজি সিদ্ধনাথ গুপ্তকে ৭২ ঘণ্টার মধ্যে রিপোর্ট দেওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।পাশাপাশি তিনি অভিযোগ করেন বারুইপুরে সক্রিয় মৌলবাদী ও দেশবিরোধী শক্তি। ভোটে যাঁরা হেরেছেন, তাঁরা উসকানি দিয়ে এই অশান্তি ঘটিয়েছেন। এছাড়া বারুইপুরে গণপিটুনিতে নিহত যুবক নির্দোষ বলেও এদিন দাবি করেন মুখ্যমন্ত্রী।

মঙ্গলবার বারুইপুরের এসপি অফিসে নির্যাতিতার বাবা মায়ের সঙ্গে দেখা করেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি গণপিটুনিতে নিহত যুবকের পরিবারের সঙ্গেও সেখানে কথা বলেন। এসপি অফিস থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, অশান্তির ঘটনায় ২০০ জনকে চিহ্নিত করা হয়েছে। কাউকে রেয়াত করা হবে না। মুখ্যমন্ত্রী আরও জানান, যাকে গণপিটুনি হত্যা করা হয়েছে তিনি নির্দোষ। পুলিশের প্রাথমিক তদন্তে এই তথ্যই সামনে এসেছে। এই খুনেরও বিচার হবে। দোষীদের কাউকে ছাড়া হবে না।

মঙ্গলবার দুপুরে বারুইপুরের এসপি অফিসে যান মুখ্যমন্ত্রী। সেখানেই নির্যাতিতার পরিবারের সঙ্গে কথা বলেন তিনি। শুধু তারা নয়, কিশোরীর দেহ উদ্ধারের পর গণপিটুনিতে নিহত যুবকের পরিবারের সঙ্গে দেখা করে কথা বলেন শুভেন্দু। মুখ্যমন্ত্রী জানান, ওই যুবক নির্দোষ ছিলেন। তাঁর কথায়, ‘‘ওই যুবকের পরিবারের সঙ্গে কথা বলে আমি সন্তুষ্ট।’’ পাশাপাশি এ-ও বলেন, ‘‘নির্যাতিতার পরিবার আমার উপর আস্থা রেখেছে, এটাই আমার প্রাপ্তি।’’

উল্লেখ্য রবিবার ঘটনার দিনই ফোনে নির্যাতিতার পরিবারের সঙ্গে কথা বলেছিলেন শুভেন্দু। পরে একাধিক বার পরিবারের সঙ্গে কথা বলেছেন। সব রকম সাহায্যের আশ্বাস দিয়েছেন তিনি। মঙ্গলবার বারুইপুরে গিয়ে শুভেন্দু বলেন, ‘‘আমি রাজ্যের সব থানার আধিকারিকদের সঙ্গে কথা বলেছি। রাজ্য পুলিশের কর্তাদের বলেছি, এই ধরনের ঘটনা আটকাতে হবে।’’ ঘটনার পর থেকেই পরিবার এবং স্থানীয়েরা পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছে। অভিযোগ, সময়মতো পদক্ষেপ করেনি পুলিশ। সেই নিয়ে আগেই অবস্থান স্পষ্ট করেছিলেন রাজ্য পুলিশের ডিজি। জানিয়েছিলেন, পুলিশের ভূমিকা খতিয়ে দেখা হবে। প্রয়োজনে ব্যবস্থা নেওয়া হবে। তার কয়েক ঘণ্টার মধ্যে একই ভাষায় পদক্ষেপের কথা জানালেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘‘গোটা রাজ্যের সব থানার সঙ্গে যোগাযোগ করেছি। ভারতীয় ন্যায় সংহিতা, সুপ্রিম কোর্টের গাইডলাইন মেনে ব্যবস্থা নিতে হবে।’’

এছাড়াও নিরাপত্তা নিশ্চিত করতে নির্যাতিতার বাড়ির সামনে আউটপোস্ট তৈরির নির্দেশ দেন তিনি। শুভেন্দু জানান, তিনি এক সপ্তাহের মধ্যে ফের বারুইপুরে আসবেন। সরকার যা করেছে তা সকলেই দেখতে পাবে।