Header AD
Trending

খারাপ আবহাওয়ায় আকাশপথে সফর বাতিল! সড়কপথে মুর্শিদাবাদ যাচ্ছেন মুখ্যমন্ত্রী

suvendu shyamaprasad

মুখ্যমন্ত্রী হওয়ার পর শুক্রবার প্রথমবার মুর্শিদাবাদ সফরে যাচ্ছেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। নির্ধারিত কর্মসূচি অনুযায়ী তাঁর আকাশপথে সেখানে পৌঁছানোর কথা। কিন্তু বৃহস্পতিবার রাত থেকেই চলছে টানা বৃষ্টি। শুক্রবার সকালেও আবহাওয়ার কোনও উন্নতি নেই। তাই বাধ্য হয়েই সড়কপথে মুর্শিদাবাদের উদ্দেশে রওনা হয়েছেন মুখ্যমন্ত্রী। খবর অনুযায়ী, বেলা সাড়ে ১১টা নাগাদ ১২ নম্বর জাতীয় সড়ক ধরে হরিণঘাটার বিরহী পার করে মুখ্যমন্ত্রীর কনভয়। স্বাভাবিকভাবেই কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে তাঁর যাত্রাপথ।এর ফলে নির্ধারিত কর্মসূচিতে কিছু বদল ঘটতে পারে বলেই মনে করা হচ্ছে।

জানা গিয়েছে, এদিন বহরমপুরের একটি হোটেলে দলের সাংগঠনিক বৈঠকে যোগ দেবেন মুখ্যমন্ত্রী। তারপর সেখানকার রবীন্দ্রসদনে প্রশাসনিক বৈঠক করবেন। রেজিনগরে দলীয় সভাও রয়েছে তাঁর। বলে রাখা ভালো, আমজনতা উন্নয়ন পার্টির বিধায়ক হুমায়ুন কবীরের গড় ওই রেজিনগর। এর আগে গত ২৯ জুন বিধানসভায় দাঁড়িয়ে হুমায়ুন কবীরের ‘স্যাটাভাঙা মার’ মন্তব্যে সুর চড়ান শুভেন্দু।

হুমায়ুনকে হুঁশিয়ারি দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘আমার মনে হয়েছে এনাফ ইজ এনাফ। এই ধরনের লোককে সবক শেখানোর সময় এসেছে। মনে রাখবেন, এখন মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী নন। দুর্বল মুখ্যমন্ত্রী পেয়ে সেসময় যা খুশি করেছেন, যা খুশি বলেছেন। এখন এত বড় ক্ষমতা আপনাকে কেউ দেয়নি।” এই হুঁশিয়ারির পর আজ, রেজিনগরের সভা থেকে কী বার্তা দেন শুভেন্দু, সেদিকেই নজর সকলের।