Header AD
Trending

‘আয়ুষ্মান ভারত’ না মিললে পাবেন ৫ লক্ষ টাকার ‘মুখ্যমন্ত্রী স্বাস্হ্যবিমা যোজনা’! রেজিনগরে বড় ঘোষণা শুভেন্দুর

suvendu shyamaprasad

রাজ্যবাসীর স্বাস্থ্যবিমা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। যাঁরা ‘আয়ুষ্মান ভারত’ পাবেন না, তাঁরা পাবেন মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা যোজনা। এই প্রকল্পে ৫ লক্ষ টাকা পর্যন্ত বিমার সুবিধা পাওয়া যাবে। শুক্রবার রেজিনগরে জনসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ঘোষণা, ‘‘আয়ুষ্মান ভারত যাঁরা পাবেন না, তাঁরা পাবেন মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা যোজনা। এই প্রকল্পে ৫ লক্ষ টাকা পর্যন্ত বিমার সুবিধা পাওয়া যাবে।’’

আয়ুষ্মানের মতো সংশ্লিষ্ট বিমার সুবিধাও সারা ভারতে যে কোনও হাসপাতালে চিকিৎসার সময় মিলবে বলে জানিয়েছেন তিনি। মুখ্যমন্ত্রীর কথায়, ‘‘এই কার্ডের সুবিধা শুধুমাত্র এ রাজ্যে নয়, সারা ভারতে যাতে পায়, সে ব্যাপারে নিশ্চিত করবে রাজ্য সরকার।’’

উল্লেখ্য, রাজ্য জুড়ে আয়ুষ্মান ভারত প্রকল্পে অন্তর্ভুক্তির কাজ চলছে। জেলায় জেলায় ফর্ম পূরণ করছেন সাধারণ নাগরিক। তবে যাঁরা পূর্বতন সরকারের স্বাস্থ্যবিমা স্বাস্থ্যসাথীর সুবিধা পেতেন, তাঁরা সকলেই আয়ুষ্মান পাবেন কি না, তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন অনেকে।এদিকে জুলাই থেকে রাজ্যে আয়ুষ্মান ভারত প্রকল্প চালু হবে। নাম নথিভুক্তিকরণের কাজ শুরু হয়েছে। জুলাই মাস থেকেই সরকারি স্বাস্থ্যবিমার কার্ড বিতরণ করাও সম্ভব হবে।

এর আগে নবান্ন থেকে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন, যাঁরা স্বাস্থ্যসাথী প্রকল্পের সঙ্গে যুক্ত ছিলেন, তাঁরাও আয়ুষ্মান ভারতের সুবিধা পাবেন। তবে ধাপে ধাপে এগোবে গোটা প্রক্রিয়া। এর মধ্যেই রাজ্যবাসীর স্বাস্হ্য সুরক্ষায় আবার বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর। তাঁর এই ঘোষণা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

শুধুমাত্র আয়ুষ্মান ভারত বা মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা যোজনা নয়, শুক্রবার রেজিনগরের সভা থেকে একাধিক সরকারি প্রকল্পের কথা শোনা গিয়েছে শুভেন্দুর মুখে। প্রধানমন্ত্রী আবাস যোজনা থেকে জি রামজি প্রকল্প রাজ্যে সুষ্ঠুভাবে চালু হওয়ার কথা দাবি করেছেন তিনি। প্রধানমন্ত্রী কিষান সম্মান বিধি যোজনায় কেন্দ্রের ৬ হাজার টাকার সঙ্গে আরও ৩ হাজার টাকা যুক্ত হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। সঙ্গে পরিযায়ী শ্রমিক সমস্যায় ‘বিদ্ধ’ মুর্শিদাবাদে দাঁড়িয়ে তাঁর প্রতিশ্রুতি পরিযায়ী শ্রমিকদের ফিরিয়ে আনবে বিজেপি সরকার।মালদহ -মুর্শিদাবাদে ভাঙন প্রতিরোধে ৩৬০০ কোটি টাকার প্রস্তাব করেছেন এদিনের প্রশাসনিক ভবনে।