Header AD
Trending

সেবাশ্রয়ে ভুল চিকিৎসায় ভুক্তভোগী রোগীকে তলব স্বাস্থ্যভবনে! অভিষেক ও তাঁর সহকারীর বিরুদ্ধে ফের এফআইআর

Abhishek Banerjee

ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ‘সেবাশ্রয়’ প্রকল্পকে ঘিরে বিতর্ক আরও জোরালো হল। মহেশতলার বাসিন্দা মালতী বিশ্বাসের অভিযোগের ভিত্তিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তাঁর ব্যক্তিগত সহকারী সুমিত রায়ের বিরুদ্ধে নতুন করে এফআইআর দায়ের করেছে পুলিশ। রবীন্দ্রনগর থানায় দায়ের হওয়া অভিযোগের ভিত্তিতেই এই মামলা রুজু হয়েছে।একই সঙ্গে সেবাশ্রয়ে ভুল চিকিৎসায় ভুক্তভোগী ওই রোগীকে তলব সাস্থ্যভবনে।

অভিযোগ, হাঁটুর ব্যথার চিকিৎসার জন্য সেবাশ্রয় শিবিরে গিয়েছিলেন মালতী বিশ্বাস। সেখানে প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষার পর তাঁকে কিছু ওষুধ দেওয়া হয়। পরিবারের দাবি, সেই ওষুধ সেবনের পর তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে থাকে এবং হাঁটুর ব্যথা মারাত্মক আকার ধারণ করে। পরে ফের শিবিরে গেলে তাঁকে এম আর বাঙুর হাসপাতালে রেফার করা হয়। সেখান থেকে চিত্তরঞ্জন হাসপাতাল এবং শেষ পর্যন্ত ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা চলার পর পরিস্থিতি এতটাই জটিল হয়ে ওঠে যে তাঁর একটি পা কেটে বাদ দিতে হয়।

পরিবারের অভিযোগ, সেবাশ্রয়ের ভুল চিকিৎসার কারণেই এই ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। পাশাপাশি, তাঁরা দাবি করেছেন যে ঘটনার পর একাধিকবার অভিষেক বন্দ্যোপাধ্যায় ও সেবাশ্রয় শিবিরের দায়িত্বপ্রাপ্তদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও কোনও সহযোগিতা মেলেনি।

এই ঘটনায় শুধু পুলিশি তদন্তই নয়, নড়েচড়ে বসেছে রাজ্যের স্বাস্থ্য দপ্তরও। মালতী বিশ্বাস ও তাঁর পরিবারকে আগামীকাল, সোমবার সকাল ১১টায় স্বাস্থ্যভবনে প্রয়োজনীয় নথিপত্র-সহ হাজির হতে বলা হয়েছে। সেখানে তাঁদের অভিযোগ বিস্তারিতভাবে শোনা হবে বলে জানা গিয়েছে।

উল্লেখ্য, রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর থেকেই সেবাশ্রয় প্রকল্পের বিরুদ্ধে হাতুড়ে বা প্রশিক্ষণরত চিকিৎসকদের দিয়ে চিকিৎসা করানো, মেয়াদোত্তীর্ণ ওষুধ বিতরণ-সহ একাধিক অভিযোগ সামনে এসেছে। মালতী বিশ্বাসের ঘটনা সামনে আসার পর সেই বিতর্ক আরও তীব্র হয়েছে।