Header AD

বঙ্গোপসাগরে ডুবে যাওয়া ট্রলারের খোঁজ মিলল সুন্দরবনে! উদ্ধার ৯ মৎস্যজীবীর দেহ, এখনও নিখোঁজ ৬

trawler

বঙ্গোপসাগরে নিখোঁজ হয়ে যাওয়া একটি মাছ ধরার ট্রলার থেকে নয়জন মৎস্যজীবীর দেহ উদ্ধার হয়েছে সুন্দরবন এলাকায়। রবিবার দক্ষিণ ২৪ পরগনার গোবর্ধনপুর থানার পুলিশ, বন দপ্তর এবং ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর যৌথ অভিযানে রক্তচড়া এলাকার কাছে ডুবে থাকা ট্রলারটি শনাক্ত করা হয়। পরে সেটিকে উদ্ধার করে গোবর্ধনপুরের সীতারামপুরে নিয়ে আসার পর ট্রলারের ভেতর থেকে নয়জনের দেহ উদ্ধার হয়।এখনও নিখোঁজ ৬ জন।

দুর্ঘটনাগ্রস্ত ট্রলারটির নাম ‘এফবি মা কালী’। চলতি মাসের শুরুতে পূর্ব মেদিনীপুরের শঙ্করপুর মৎস্যবন্দর থেকে ১৫ জন মৎস্যজীবীকে নিয়ে ট্রলারটি মাছ ধরার উদ্দেশ্যে সমুদ্রে পাড়ি দেয়। মাঝসমুদ্রে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কবলে পড়ে ট্রলারটি দিকভ্রষ্ট হয়ে যায়। এরপর থেকেই সেটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় এবং শুরু হয় তল্লাশি অভিযান।

পুলিশ সূত্রে জানা গেছে, ট্রলারে থাকা বাকি ছয়জন মৎস্যজীবীর এখনও কোনও সন্ধান মেলেনি। উদ্ধার হওয়া মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য কাকদ্বীপ মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে।

নিখোঁজদের খোঁজে সোমবারও পুলিশ, বন দপ্তর এবং ভারতীয় উপকূলরক্ষী বাহিনী যৌথভাবে সমুদ্রে তল্লাশি চালাচ্ছে। প্রশাসনের আশঙ্কা, উদ্ধার অভিযান এগোলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।