Header AD
Trending

‘চোরগুলো বিজেপিতে গেছে, আর ফেরাব না!’ বিদ্রোহী শিবিরকে নিশানা করে হুঙ্কার মমতার

cm kheshiyari

দলের স্ট্যাটাস পরিবর্তনের সঙ্গে সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলের শহিদ সমাবেশের ঠিকানা বদলে গিয়েছে। ভিক্টোরিয়া হাউসের সামনে থেকে সরে সভা হয়েছে ক্যাথিড্রাল রোডে। সেই সভামঞ্চ থেকে মঙ্গলবার বক্তব্যের ছত্রে ছত্রে তৃণমূল নেত্রী বুঝিয়ে দিলেন, তিনি এবং তাঁর দলই ‘আসল তৃণমূল’। বিড়লা তারামণ্ডলের সামনে আয়োজিত সভা থেকে ঋতব্রত গোষ্ঠী, কাকলিদের পাশাপাশি মমতার নিশানায় ছিল বিজেপি সরকারও। দলত্যাগী বা বিদ্রোহীরা যে চাইলেও আর তিনি ফেরাবেন না, তাও এদিন স্পষ্ট করে দেন তিনি। দলের রাশ কড়া হাতে ধরতে খুব শীঘ্রই জেলায় জেলায় ঘর গুছোতে নামবেন নেত্রী, সেই ঘোষণা একুশের সভা থেকেই করে দিলেন তিনি।তিনি বলেন, ‘এর পরে আমি জেলায় জেলায় বের হব। কত ক্ষমতা আছে দেখতে চাই। আপনারা তো বালিশের কোলে লুকিয়ে থাকেন ইঁদুরের মতো লড়াই করেন। আর আমরা সুন্দরবনের বাঘের বাচ্চার মতো লড়াই করি, এটাই তফাৎ।’

ক্যাথিড্রাল রোডের সভা থেকে তিনি জানান, বিপুল অর্থ ও প্রলোভনের প্রস্তাব প্রত্যাখ্যান করে শহিদ পরিবারের সদস্যরা এই সভায় উপস্থিত হয়েছেন। তিনি বলেন, তাঁদের এই ভালোবাসার সামনে তিনি মাথা নত করছেন। একই সঙ্গে রাতভর সভামঞ্চের সাউন্ড সিস্টেমের তার কেটে অন্তর্ঘাতের চেষ্টার জন্য বিজেপিকে সরাসরি কাঠগড়ায় তোলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী।

মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের সিংহভাগ জুড়েই নিশানায় ছিলেন বিদ্রোহীরা। তাঁদের সরাসরি বিজেপির ‘বি টিম’ বলে উল্লেখ করে তিনি দাবি করেন এর থেকে সরাসরি বিজেপিতে যাওয়া ভালো। সভামঞ্চ থেকে নেত্রী বলেন, ‘নকল বেড়াল তপস্বী হয়ে, কারও পাশবালিশ না হয়ে, বিজেপিতে যান। যত যাবেন আমি তত খুশি হব। সাহস থাকলে সরাসরি বিজেপি করুন।’ দলত্যাগী বিধায়ক নেতাদের ‘গদ্দার’ বলে উল্লেখ করে নেত্রীর কটাক্ষ,‘২ মাস অপেক্ষা করতে পারল না সব ভোগীরা। দলের প্রতীক নিয়ে জিতে অন্য দলে। ভালোই হয়েছে সব চোরগুলো বিজেপিতে চলে গিয়েছে।’ তবে দলের অন্দরে যে আগে থেকেই ঘুণ ধরেছিল সেই কথা এদিন প্রকারান্তরে মেনেও নেন মমতা।

বিরোধী শিবিরকে শিবিরকে নিশানা করে মমতার বার্তা, “বিজেপিতে যান। যত যাবেন খুশি হব। যে স্থান শূন্য হবে, তা পূরণের জন্য আমার ছাত্র, যুব আছে।” এরপরই যোগ করেন, “চোরগুলো বিজেপিতে চলে গেছে। আর ফেরত নেব না। কালকের অপারেশন কারা করেছে, আমি প্রত্যেকটার নাম জানি।”

পাশাপাশি বিরোধী শিবির ও বিজেপির উদ্দেশে একযোগে বলেন, “তুমি প্রতীক কাড়লে, আমি ছাড়ব না। আমাদের প্রতীক কাড়তে পারে না। গায়ের জোরে করছে। আমি সুপ্রিম কোর্ট অবধি যাব। আর নাহলে আমি তোমাদেরও সবটা কেড়ে নেব।”

পুরনো দিনের কথা স্মরণ করিয়ে মমতা বলেন, “আগে তো আমরা দু’জন এমপি ছিলাম। এখন তো ১৬-১৭ জন আছে। কোনও চিন্তা নেই। ফসল কাটা শেষ হয়নি।” এরপরই যোগ করেন, “সাহস থাকলে আমার সঙ্গে থাকবেন। নাহলে বিজেপির স্পনসরড টিমের সাথে না থেকে সরাসরি বিজেপিতে চলে যাবেন।” নিজেদের ‘আসল’ বলে দাবি করে মমতার স্লোগান, ‘আসল তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ।’ খেলা হবে বলে বক্তৃতা শেষ করেন তিনি।