শেষ লগ্নেও দুর্যোগের মেঘ কাটছে না বাংলার আকাশ থেকে। সোমবার সন্ধ্যায় কলকাতা ও সংলগ্ন এলাকায় প্রবল বৃষ্টিতে কার্যত বিপর্যস্ত হয়ে পড়ে জনজীবন। প্রায় ঘণ্টাখানেকের মেঘভাঙা বৃষ্টিতে শহরের একাধিক এলাকা জলমগ্ন হয়ে যায়। অফিস ফেরত যাত্রীদেরও চরম দুর্ভোগের মুখে পড়তে হয়।
এর মধ্যেই আগামী কয়েক দিন দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।আবহাওয়া দপ্তর জানিয়েছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের উপর তৈরি হওয়া ঘূর্ণাবর্ত আরও শক্তিশালী হয়ে বুধবারের মধ্যে নিম্নচাপে পরিণত হতে পারে। পাশাপাশি সক্রিয় রয়েছে মৌসুমী অক্ষরেখাও। এই দুইয়ের প্রভাবে বঙ্গোপসাগরে নিম্নচাপের পরিস্থিতি তৈরি হচ্ছে। তার জেরেই মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।দুর্যোগপূর্ণ আবহাওয়ার কথা মাথায় রেখে ১১ থেকে ১৪ অগস্ট পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
দক্ষিণবঙ্গে কোথায় কেমন সতর্কতা? মঙ্গলবার দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে। পাশাপাশি কলকাতা, হাওড়া, বাঁকুড়া, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।বুধবার উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টি হতে পারে। এর সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। শুক্রবার পর্যন্ত উপকূলবর্তী ও পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে ভারী বৃষ্টির সতর্কতা জারি থাকবে বলে খবর।
তবে সপ্তাহান্তে পরিস্থিতির কিছুটা উন্নতি হতে পারে। শনিবার ও রবিবার দক্ষিণবঙ্গের দু-এক জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
উত্তরবঙ্গেও চলবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিউত্তরবঙ্গে মঙ্গলবার ভারী বৃষ্টির সতর্কতা না থাকলেও নিচের দিকের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। মালদহ, উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে।বুধবার জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারের কিছু অংশে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যান্য জেলাতেও বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।
ফলে আগামী কয়েক দিন দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও বৃষ্টির দাপট বজায় থাকার সম্ভাবনা। নিম্নচাপের প্রভাবে ফের ভোগান্তির আশঙ্কায় রয়েছে বাংলা।




