রাজ্যজুড়ে মহাসমারোহে পালিত হচ্ছে রাখি বন্ধন উৎসব। এই উৎসবটি ঘিরে সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখার আহ্বান জানিয়েছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। উৎসবে সকলের ভালো থাকার কামনা করে শুভেচ্ছা জানিয়ে শনিবার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন তিনি। লিখেছেন, ”রাখি উপলক্ষে আমার সকল বোনদের আন্তরিক শুভেচ্ছা। এই পবিত্র সুতো ভালোবাসা, বিশ্বাস এবং পরিবার ও সম্প্রদায়কে ঐক্যবদ্ধ করে। বাংলায় রাখির বিশেষ তাৎপর্য রয়েছে কারণ এটি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সাম্প্রদায়িক সম্প্রীতির আহ্বানের প্রতিধ্বনি। এই রাখি আমাদের শান্তি ও সম্প্রীতির প্রতি অঙ্গীকার আরও দৃঢ় করুক। এই উৎসব প্রতিটি ঘরে আনন্দ, সমৃদ্ধি এবং নিরাপত্তার অনুভূতি বয়ে আনুক।”রাখি বন্ধন উৎসব মানেই সব ধর্ম বর্ণের ভেদাভেদকে দূরে সরিয়ে রেখে সৌভ্রাতৃত্বের উদযাপন। ১৯০৫ সালে ব্রিটিশের বঙ্গভঙ্গের বিরোধিতায় একসঙ্গে আরও বেঁধে বেঁধে থাকার কথা বলেছিলেন স্বয়ং কবিগুরু। লিখেছিলেন গান, ‘বাংলার মাটি, বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল-পুণ্য হউক, পুণ্য হউক, পুণ্য হউক হে ভগবান।’ আজ আবার বাংলা বিরোধী চক্রান্ত চলছে। দেশের বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাংলা ভাষার অপমান করা হচ্ছে বাঙালিদের হেনস্থা করা হচ্ছে। এর প্রতিবাদে আরও এক ভাষা আন্দোলন শুরু করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই আবহে ২০২৫- এর রাখি বন্ধন উৎসবে যেন আরও বেশি করে বাংলার মানুষ একতার বার্তা তুলে ধরছে দেশ তথা বিশ্বের দরবারে।





